ক্যানসারকে ক্রোর চ্যালেঞ্জ
বিশ্বজুড়ে ক্রিকেটারদের জন্য, বিশেষ করে টি-টোয়েন্টি যাযাবরদের জন্য সতর্কবার্তা। মার্টিন ক্রো তাঁর ক্যানসারের জন্য দায় দিয়েছেন ক্রিকেট ক্যারিয়ারের ‘যাযাবর’ জীবনযাপনকে! প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে এক দেশ থেকে আরেক দেশে ঘোরাঘুরি আর অস্থিতিশীল জীবনযাপনের কারণেই নাকি কমে গেছে রোগ প্রতিরোধক্ষমতা! আক্ষেপের পাশাপাশি আশ্বস্তও করেছেন সবাইকে। জানিয়েছেন তাঁর ক্যানসার ‘খুবই নিরাময়যোগ্য।’ক্রোর ক্যানসারটি দ্বিতীয় পর্যায়ের ফলিক্যুলার লিম্ফোমা। তবে এক বিবৃতিতে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, খুব চিন্তার কিছু নেই, ‘এটির নিরাময় খুবই সম্ভব, খুব আগ্রাসী নয়। আগামী দুই সপ্তাহে আরও কিছু পরীক্ষা ও আলোচনার পর সে অনুযায়ী চিকিৎসা করা হবে। ক্রিকেট ক্যারিয়ারজুড়ে বিভিন্ন সফরে স্যামোনেলা ও গ্র্যান্ডুলার জ্বরে আক্রান্ত হয়ে আমি দুর্বল হয়ে পড়েছি। প্রায় দুই যুগ এভাবে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়াতেই শরীরে এমন রোগ বাসা বেঁধেছে।’ ১৯৮৪ সালে শ্রীলঙ্কা সফরে স্যামোনেলা-বিষক্রিয়ায় বেশ ভোগার কথা স্পষ্ট মনে আছে ক্রোর।অনেকের মতেই নিউজিল্যান্ডের ইতিহাসসেরা ব্যাটসম্যান ক্রো। ৭৭ টেস্টে ১৭ সেঞ্চুরিতে করেছেন ৫৪৪৪ রান, ১৪৩ ওয়ানডেতে রান ৪৭০৪। ১৯৯২ বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা। তবে এই পরিসংখ্যানের চেয়েও ক্রোকে সবাই মনে রেখেছে তাঁর ইতিবাচক মানসিকতার জন্য। ক্যানসারের সঙ্গে যুদ্ধ জয়কেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ৫০ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান, ‘বিশ্বজুড়ে সবার এমন সমর্থন ও ভালোবাসায় আমি অভিভূত। সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই...লিম্ফোমা ধরা পড়ার পর যে আঘাতটা পেয়েছিলাম সেটা দ্রুত কাটাতে সাহায্য করেছে সবার এমন ভালোবাসা। টেস্ট ম্যাচে লম্বা একটি ইনিংস খেলার সময় যেমন ছিল, আমার সেই মানসিকতা ও মনঃসংযোগ আবার জেগে উঠেছে। আমি শুধু সামনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর দিকেই দৃষ্টি দেব, অন্য কিছু নয়।’ ওয়েবসাইট।