ক্যানসারের পর প্রথম ব্যাট হাতে যুবরাজ
দ্রুত উন্নতি হচ্ছে যুবরাজ সিংয়ের। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গতকাল প্রথমবারের মতো ব্যাট হাতে মাঠে নামেন ভারতের তারকা এই অলরাউন্ডার।বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় সপ্তাহে গতকাল কিছুক্ষণ ব্যাট করেন যুবরাজ। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফেরার লক্ষ্য তাঁর।বেঙ্গালুরুতে সাংবাদিকদের যুবরাজ বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় সপ্তাহে আছি আমি। বেশ ভালো বোধ করছি। আমি নিশ্চিত, ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠব। আমার লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ। আশা করছি, এর আগেই মাঠে ফিরতে পারব।’সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় ৩০ বছর বয়সী যুবরাজ লিখেছেন, ‘এনসিএতে দারুণ সময় কাটল। প্রায় ছয় মাস পর ব্যাট করতে পেরে ভালো লাগছে। লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেখা যাক, কী হয়।’এ মাসের শুরুতে নাম প্রকাশ না করার শর্তে যুবরাজের এক বন্ধু পিটিআইকে বলেছিলেন, ‘যুবরাজের স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর ক্যানসার চিকিৎসায় দ্রুত উন্নতি হচ্ছে। প্রথম দুই বছর প্রতি তিন মাস পরপর রক্তপরীক্ষা ও স্ক্যান করাতে হবে তাঁকে। পরবর্তী তিন বছর প্রতি পাঁচ মাস অন্তর পরীক্ষা করাতে হবে। যুবরাজের শরীর এখনো দুর্বল। তবে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ওর দ্রুত উন্নতি হচ্ছে।’প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা প্রশ্নে যুবরাজের ওই বন্ধু বলেন, নির্দিষ্ট করে তারিখটা বলা কঠিন। তবে যুবরাজ অবশ্যই রঞ্জি ট্রফির আগে মঈন-উদ-দৌলা গোল্ড কাপ ও বুচি বাবু ট্রফির মতো প্রস্তুতিমূলক টুর্নামেন্টগুলোতে খেলবে।যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মার্চ মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকের পরামর্শে বেশ কিছু দিন লন্ডনে ছিলেন তিনি। যুবরাজ দেশে ফেরেন গত ৯ এপ্রিল।যুবরাজের ফুসফুসে টিউমার ধরা পড়ে ২০১১ সালের অক্টোবরে। প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত টিউমারকে ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিৎসকেরা।