ক্যানসারের সঙ্গে আতিকের লড়াই

হঠাৎ করেই তাঁর জীবনটা বদলে গেছে। এখন আর শ্যুটিং রেঞ্জে তেমন আসেন না। শ্যুটার তৈরি করার কাজে ছেদ পড়েছে। নিজেও শ্যুটিং করার মতো অবস্থায় নেই। আতিকুর রহমানের কাছে এখন তাঁর চেনা শ্যুটিং জগৎ অনেকটাই অচেনা। ক্যানসার ছোবল হেনে এই নামী শ্যুটারকে আছড়ে ফেলেছে নতুন এক লড়াইয়ের ময়দানে।
গত ১৬ নভেম্বর চেন্নাইয়ের চিকিৎসকেরা দুঃসংবাদটা দেন, আতিকের কণ্ঠনালিতে ক্যানসার! খানিক সৌভাগ্যই বলতে হবে, সেটি একেবারেই প্রাথমিক স্তরে। কথা বলতে একটু জড়িয়ে যাচ্ছিল বলে দেশে ডাক্তার দেখান। একেক চিকিৎসক একেক রকম পরামর্শ দেন। কেউ বলেন হার্টে রিংও পরাতে হবে। পরে গেলেন চেন্নাই, চেকআপের পর সেখানকার চিকিৎসকেরা বললেন, চিৎকার বা জোরে কথা বলার পাশাপাশি বা আরও কিছু কারণে গলায় চাপ পড়েছে (কোচিং করান বলে জোরে কথা বলতে হয়)। তাই কণ্ঠনালিতে ঘা। সেটিই রূপ নিয়েছে ক্যানসারে।
এখানে-ওখানে অনেক দৌড়াদৌড়ির পর কলকাতায় টাটা একাডেমির ক্যানসার হাসপাতালকে বেছে নিলেন চিকিৎসার জন্য। সেখানে পূর্ণাঙ্গ সব পরীক্ষা-নিরীক্ষা শেষে ৬ জানুয়ারি চট্টগ্রামের বাড়িতে ফিরলেন। সঙ্গে এনেছেন আশা, ক্যানসার নির্মূলের ব্যবস্থাপত্র।
‘১৮ জানুয়ারি কলকাতা যাব আবার। রেডিওথেরাপি দিতে হবে। ক্যানসারটা প্রাথমিক স্তরেই ধরা পড়ায় ডাক্তাররা বলেছেন, চিন্তার কিছু নেই। সুস্থ হওয়ার অন্তত ৯০-৯৫ ভাগ নিশ্চয়তা দিয়েছেন তাঁরা। তবু যা যা করা লাগে, সবই করব।’ চট্টগ্রাম থেকে কাল ফোনে বলছিলেন আতিক।
১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন আবদুস সাত্তার নিনিকে সঙ্গী করে। বাংলাদেশের শ্যুটিংয়ে সেই প্রথম আন্তর্জাতিক সোনার পর আতিক ঢুকে গেছেন এ দেশের ক্রীড়া ইতিহাসের পাতায়। সাফ গেমসে তাঁর সোনা পাঁচটি, সাফ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে একটি। আন্তর্জাতিক শ্যুটিং অনেক আগে বাদ দিলেও ঘরোয়া শ্যুটিংয়ে এখনো আতিক খেলছেন।
আগে কদিন পর পর চট্টগ্রাম থেকে ঢাকায় শ্যুটিং রেঞ্জে আসতেন। শ্যুটিং কোচিং থেকে শুরু করে অনেক কাজেই তাঁকে পাওয়া যেত। এখন নিজেকে নিয়েই লড়ছেন। অথচ আরও তিন বছর শ্যুটিং করার পরিকল্পনা ছিল। শ্যুটিং ফেডারেশন আয়োজিত ৫০ মিটার পিস্তলে বাছাইয়ে সেরাদের একজন, কাজেই ৫০ মিটারে কাউকে ফেডারেশনের ক্যাম্পে ডাকা হলে আতিকের নাম আসবেই। ভেবে রেখেছিলেন ফেডারেশন থেকে ডাক এলে যোগ দেবেন।
আশার কথা, ক্যানসার এখনো জাঁকিয়ে না বসায় শ্যুটিংসহ সবই নাকি করতে পারবেন। এমনটাই জেনে এসেছেন কলকাতার চিকিৎসকদের কাছ থেকে, যা তাঁকে দিচ্ছে সাহস। কিন্তু এখন শ্যুটিংবিহীন জীবন কেমন লাগছে? আতিকের উত্তর, ‘অনেক কষ্ট পাচ্ছি। শ্যুটিং থেকে দূরে থাকা কখনো সম্ভব, ভাবিনি।’
বন্ধুরা বলে, ‘ক্যানসার হওয়ার পরও তুমি এত স্বাভাবিক থাকো কীভাবে?’ আতিক তাঁদের বলেন, ‘আমি আমার চেষ্টাটা করছি। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। চিন্তা করে কী লাভ!’
স্নায়ু ঠিক রেখে বহু আন্তর্জাতিক পদক জিতেছেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়েও জিততে চান আতিক। কণ্ঠনালিতে ক্যানসার নিয়েও কণ্ঠের জোরটা তিনি হারাননি।