ক্যানসারের সঙ্গে লড়ছেন যুবরাজ
সন্দেহটা চাউর হয়ে গিয়েছিল গত নভেম্বরেই, যখন খবর বেরোল, ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক খেলেছেন ফুসফুসে গলফ বল সাইজের এক টিউমার নিয়ে। ‘নির্দোষ’ টিউমার নাকি ক্যানসার? যুবরাজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটা ক্ষতিকর কিছু নয়, ওষুধেই সেরে যাবে। এত দিনে জানা গেল, আসলেই ক্যানসারে আক্রান্ত যুবরাজ সিং। যুক্তরাষ্ট্রে চিকিৎসাও নিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার, নয় সপ্তাহ কেমোথেরাপির তৃতীয় সপ্তাহ শুরু হবে আগামীকাল।তবে যুবরাজের মেডিকেল টিমের সদস্য ড. নীতেশ রোহাতগি জানিয়েছেন, এটা ঠিক ফুসফুসের ক্যানসার নয় বা টিউমারটি ফুসফুসে ছড়িয়েও পড়েনি। ডাক্তারি পরিভাষায় এটিকে বলে ‘মিডিয়াস্টিনাল সেমিনোমা’, দুই ফুসফুসের মাঝে একটি ‘জার্ম-সেল টিউমার’। অ্যাথলেট বা তরুণ বয়সীদেরই এটিতে বেশি আক্রান্ত হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা ভারতে যুবরাজের চিকিৎসক দলের সঙ্গে মিলেই চিকিৎসা চালাচ্ছেন। তাঁদেরই একজন, দিল্লির একটি হাসপাতালের সিনিয়র মেডিকেল অনকোলজিস্ট ড. নীতেশ। তিনি বলছেন, ‘আমরা খুব ভাগ্যবান, এটা জার্ম সেল ধরনের সেমিনোমা যা কেমোথেরাপিতেই সেরে যায়। যুবরাজের ক্রিকেট ক্যারিয়ারেও দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা খুব একটা নেই।’চিকিৎসাপ্রক্রিয়া নিরুপদ্রব রাখতেই জানানো হয়নি যুক্তরাষ্ট্রের কোথায় চিকিৎসা নিচ্ছেন যুবরাজ। তবে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি জানিয়েছে, বোস্টনের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে চলছে যুবরাজের কেমো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুবরাজ কি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন? এর উত্তরও দিয়েছেন ড. নীতেশ, ‘আমাকে যদি প্রশ্ন করা হয়, যুবরাজ সুস্থ কি হবে? আমি বলব খুবই সম্ভব। যদি জানতে চান ক্রিকেটার যুবরাজকে আবার দেখা যাবে কি না? আমি বলব সেটির সম্ভাবনাই বেশি এবং একই প্রাণশক্তি নিয়ে মাঠে ফিরবে ও। ১ মের মধ্যেই ওর মাঠে নামার ভালো সম্ভাবনা আছে।’ড. নীতেশ আরও জানিয়েছেন, যুবরাজের সময় কাটছে বই পড়ে আর ভিডিও গেমস খেলে। ক্যানসারে আক্রান্ত খেলোয়াড়দের আবশ্যিক সঙ্গী ল্যান্স আর্মস্ট্রংয়ের আত্মজীবনীও পড়ে ফেলেছেন। ক্যানসার জয় করে আমেরিকান সাইক্লিস্ট সপ্তমবারের মতো ট্যুর ডি ফ্রান্স জয়ের রেকর্ড গড়েছিলেন। আর্মস্ট্রংয়ের লেখা ইটস নট অ্যাবাউট বাইক: মাই জার্নি ব্যাক টু লাইফ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন যুবরাজ।বাঁহাতি অলরাউন্ডার পাশে পাচ্ছেন সবাইকে। ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন জানিয়েছেন সব রকম সহযোগিতা করা হবে যুবরাজকে। তাঁর আইপিএল দল পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত রায়ও সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এবার আইপিএল খেলতে পারবেন না, তার পরও পুরো অর্থই দেওয়া হবে যুবরাজকে। বিশ্বকাপের পর কোনো ওয়ানডে না খেললেও তিনটি টেস্ট খেলেছেন যুবরাজ। জুলাইয়ে ইংল্যান্ডে একটি টেস্ট খেলেছিলেন, নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে দুটি। এরপরই তাঁর ওই টিউমারের কথা জানা যায়। তখন বলা হয়েছিল, সুস্থ হওয়ার পথেই আছেন যুবরাজ, ফিরবেন অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজেই। এখন কবে ফিরতে পারবেন বা আদৌ ফিরতে পারবেন কি না, বড় প্রশ্ন এটাই। ওয়েবসাইট।