ক্যানসারের সঙ্গে হানিফের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটের প্রথম মহাতারকা তিনি, ক্রিকেট ইতিহাসের প্রথম ‘লিটল মাস্টার।’ টেস্টে এক ইনিংসেই ১৬ ঘণ্টা ১০ মিনিট ব্যাটিং করে খাদের কিনারা থেকে বাঁচিয়েছেন দলকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে গড়েছিলেন ৪৯৯ রানের রেকর্ড। জীবনের ইনিংসেও কাটিয়ে দিয়েছেন ৭৮ বছর। সেই হানিফ মোহাম্মদ এখন লড়াই করছেন ক্যানসারের সঙ্গে। মঙ্গলবার লন্ডন ব্রিজ হাসপাতালে যকৃতের ক্যানসারের অস্ত্রোপচার হয়েছে এই জীবন্ত কিংবদন্তির। খবরটি পুরো ক্রিকেট-বিশ্বকে নাড়া দেওয়ার মতোই। তবে হানিফের শল্যবিদ রবার্ট হাচিনস শুনিয়েছেন স্বস্তির খবর, ‘প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে এবং চিকিৎসা হয়েছে। ক্যানসার অন্য কোথাও ছড়িয়েও যায়নি।’ আপাতত সপ্তাহ খানেক হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে সাবেক এই ওপেনারকে।

৫৫ টেস্টে ১২ সেঞ্চুরিতে ৪৩.৯৮ গড়ে ৩৯১৫ রান করেছেন হানিফ। পাকিস্তান ক্রিকেটের প্রথম গ্রেট তো বটেই, ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন তিনি দুটি ইনিংসে। ১৯৫৮ সালে ব্রিজটাউনে ফলো অনে পড়া দলকে বাঁচিয়েছিলেন তিনি তৃতীয় ইনিংসে ৩৩৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে, গিলক্রিস্ট-অ্যাটকিনসন-ভ্যালেন্টাইন-সোবার্সদের বিপক্ষে ৯৭০ মিনিট উইকেটে থেকে! এখনো যা টেস্ট ইতিহাসে দীর্ঘতম ইনিংস। পরের বছরই গড়েছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯৯ রানের রেকর্ড, ৩৬ বছর পর যে রেকর্ড ভেঙে দেন ব্রায়ান লারা।

পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন, টেস্টে করেছেন উইকেটকিপিংও। বোলিং করেছেন ডান হাতে ও বাঁ হাতে। হানিফের তিন ভাই ওয়াজির, মুশতাক ও সাদিকও খেলেছেন টেস্ট ক্রিকেট, আরেক ভাই রাইস খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। হানিফের ছেলে শোয়েব খেলেছেন ৪৫ টেস্ট ও ৬৩ ওয়ানডে। মোহাম্মদ পরিবার থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেটার বেরিয়েছেন ১১ জন। যাঁদের মধ্যে সর্বশেষ শোয়েবের ছেলে শেহজার। এএফপি, ওয়েবসাইট।