ক্যানিজার পুনর্জন্ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে চলে এসেছেন ক্যারিয়ারের বিদায়প্রান্তে। বয়স চলছে ৩৫। জাতীয় দলের হয়ে খেলেছেন ৯৮টি ম্যাচ। আজ তাঁর দল প্যারাগুয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেনের। ডেনিস ক্যানিজা মাঠে নামতে উন্মুখ থাকবেন। সুযোগ পেয়ে গেলে সেটি হবে তাঁর জন্য পুনর্জন্ম!এই বিশ্বকাপে ক্যানিজা এখন পর্যন্ত খেলেছেন একটি মাত্র ম্যাচ (নিউজিল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ম্যাচে)। ক্যারিয়ারের শেষই হয়তো দেখে ফেলেছিলেন। তবে স্পেনের বিপক্ষে কোচ তাঁকে মাঠে নামাতে পারেন। থাকছেন অতিরিক্ত তালিকায়। সুযোগ পেলে এটি হবে তাঁর ১৩তম বিশ্বকাপ ম্যাচ। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় তাহলে স্পেনের বিপক্ষে ক্যানিজার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে প্যারাগুয়ে।দিনটা স্মরণীয় হয়ে উঠছে মেক্সিকোর ক্লাব লিওনের এই ডিফেন্ডারের কাছে। ফিরে যাচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপে, যখন ছিলেন নতুন একজন খেলোয়াড়। হোসে লুই চিলাভার্টের মতো বহুমাত্রিক খেলোয়াড়ের টিমমেট থাকার স্মৃতিগুলো ভোলেন কী করে? যেমন ভুলছেন না ১৯৯৮ আর ২০০২ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে খেলার স্মৃতি।ক্যানিজা নিশ্চিত, ১২ বছর আগের স্মৃতিটা ফিরে আসবে আজ। কী সেই স্মৃতি? প্যারাগুয়ে গোলশূন্য ড্র করেছিল স্পেনের সঙ্গে। ওই ড্রয়ে স্পেনের বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় রাউন্ডের বাধাটা আর পার হতে পারেনি প্যারাগুয়ে। লরাঁ ব্লাঁর গোল্ডেন গোলে ফ্রান্স জিতে যায়। সেই আক্ষেপ এবার মুছে গেল। জাপানকে হারিয়ে নতুন ইতিহাস লিখল প্যারাগুয়ে, ক্যানিজাও বেশ পরিতৃপ্ত। বর্তমান দল নিয়ে উচ্ছ্বসিত ক্যানিজা, ‘আমাদের এই দলটা দারুণ এবং অসাধারণ একটা প্রজন্মের খেলোয়াড় আছে। অভিজ্ঞতার সঙ্গে আছে তারুণ্যের মিশেল। আমরা একটা বড় পরিবার। যারা একে অন্যকে ভালোবাসে এবং সম্মান করে। আমরা সবাই ভালো বন্ধুও।’দিনে দিনে তাঁর মনে গড়ে উঠেছে অনেক স্বপ্ন। ১১ জুলাই প্যারাগুয়ে অধিনায়ক বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন—এই স্বপ্নটাই নাকি আঁকছেন! সাংবাদিকদের এমনও বলেছেন, ‘আমাদের স্বপ্নটা কেন বিশ্বকাপের শেষ সপ্তাহ পর্যন্ত টেনে নেব না?’ তবে আপাতত স্পেনের বিপক্ষে জয়টাই তাঁর কাছে আসল। তাহলে হয়তো সাইড বেঞ্চ থেকে বেরিয়ে আসা হয় তাঁর! এএফপি।