ক্যান্টোনার সঙ্গে পার্সির তুলনা
একের পর এক গোল করে ইউনাইটেডকে জিতিয়ে চলেছেন। প্রশংসার বৃষ্টিতে তো ভিজছেনই, নতুন নতুন ‘খেতাব’ও পাচ্ছেন রবিন ফন পার্সি। এই তো সেদিন সান্ডারল্যান্ডের কোচ মার্টিন ও’নিল ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ স্ট্রাইকারের প্রশংসা করে বলেছেন, ‘ফন পার্সি ইউনাইটেডের মেসি।’ ফার্গুসনই বা বাদ থাকবেন কেন? নতুন শিষ্যের প্রশংসা করে ইউনাইটেডের কোচ পার্সিকে তুলনা করলেন ওল্ড ট্রাফোর্ডের কিংবদন্তি এরিক ক্যান্টোনার সঙ্গে। ফার্গুসনের দাবি, ক্যান্টোনা দলে যে বিস্ময়কর প্রভাব ফেলেছিলেন, পার্সিও সে রকমই প্রভাব ফেলতে পারেন।১৯৬৬-৬৭ মৌসুমে লিগ জয়ের পর হঠাৎই যেন দৃশ্যপট থেকে হারিয়ে গিয়েছিল ইউনাইটেড। লিগ জয়ের সাফল্যসূত্র আর খুঁজে পাচ্ছিল না। অবশেষে ১৯৯২ সালে লিডস থেকে ওল্ড ট্রাফোর্ডে যোগ দিয়েই নিজের অমিয় প্রতিভা আর আত্মবিশ্বাস দিয়ে ক্যান্টোনা ইউনাইটেডকে প্রথম মৌসুমেই এনে দেন লিগ শিরোপা, সুদীর্ঘ ২৬ বছর পর। ১৯৯২ থেকে ১৯৯৭—এই পাঁচ বছরে চারবারই ইউনাইটেডকে জেতান লিগ, দুবার এফএ কাপ, তিনবার কমিউনিটি শিল্ড। ওল্ড ট্রাফোর্ডে ক্যান্টোনার পাঁচ বছরের মেয়াদকালটা হয়ে আছে ইউনাইটেডের ইতিহাসেরই সবচেয়ে উজ্জ্বল অধ্যায়।একটা নিষপ্রভ মৌসুম পার করে আবারও কি ইউনাইটেডে ফিরে পেতে যাচ্ছে একটা উজ্জ্বল অধ্যায়? গত মৌসুমে লিগ জিতেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এবার যখন ইউনাইটেডের শিরোপা পুনরুদ্ধারের লড়াই, ক্যান্টোনার মতোই একটা স্ফুলিঙ্গ যেন দেখা যাচ্ছে ফন পার্সির খেলায়। গত গ্রীষ্মে আর্সেনাল থেকে দুই কোটি ৪০ লাখ পাউন্ডের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়ে পার্সি খেলছেন দুর্দান্ত। ২১ ম্যাচে করেছেন ১৫ গোল। ১৬ ম্যাচ শেষে ইউনাইটেড পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে।পার্সির ওপর ফার্গুসনের অগাধ বিশ্বাস, ‘বয়স ও পরিণতবোধের দিক দিয়ে তার মিল রয়েছে এরিকের সঙ্গে। আর্সেনালেও দারুণ সময় কাটিয়েছে সে। কাজেই প্রিমিয়ার লিগে মানিয়ে নিতে আর কোনো কিছুর দরকার নেই তার। সে একটি বড় ক্লাব থেকে আরেকটি বড় ক্লাবে এসেছে। সে আন্তর্জাতিক ফুটবলেও প্রতিষ্ঠিত। তার জীবনের এই সবকিছুই আমাদের সঙ্গে মানিয়ে গেছে নিখুঁতভাবে।’ এএফপি।