ক্যাপেলা-আপুসি দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রুই ক্যাপেলার চোখেমুখে স্বস্তির আভা। আবাহনীকে গত ম্যাচে হারিয়ে বেশ ফুরফুরে মোহামেডানের পতুর্গিজ কোচ। শেখ জামালকে আজ হারাতে পারলে পায়ের তলায় শক্ত জমি পাবে মোহামেডান। লিগযাত্রায় যা কাজ করবে টনিকের মতো৷
ক্যাপেলার অধীনে মোহামেডান ভালোই করছে। স্বাধীনতা কাপে পাঁচ ও লিগে সাত টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে বিজেএমসির কাছে হার। তারপরই আবাহনীকে হারিয়ে জয়ের ধারায় ফেরা। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন তিনে। সমান ম্যাচে আবাহনীর ২৫ পয়েন্ট । শীর্ষে থাকা শেখ জামালের ৩১। বলা বাহুল্য, মোহামেডান-শেখ জামালের এই ‘যুদ্ধ’ লিগের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
মোহামেডানের ওপর চাপটা বেশি। আগের ছয়টি পেশাদার লিগে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। আজ বিকেল সাড়ে ৫টায় শেখ জামালকে হারাতে না পারলে স্বপ্ন ধূসর হয়ে যাবে। অনেকে তো বলছেন, এটি মোহামেডানের জন্য একরকম ফাইনালই! কাল বিকেলে ক্লাব প্রাঙ্গণে দল নিয়ে অনুশীলনে নামার আগে ক্যাপেলা বললেন, ‘শেখ জামালকে হারাতেই হবে। এ ছাড়া উপায় নেই।’ মৌসুমের সেরা দল শেখ জামালকে হারানো কঠিন কাজ। বাস্তবতাটা জানেন ক্যাপেলা৷ শেখ জামালের আক্রমণে ত্রিমূর্তি নর্দে, ওয়েডসন, ডার্লিংটনকে আটকানোই আজ বড় পরীক্ষা হবে। তবে গোল করার লোক পেয়ে গেছে মোহামেডানও-ওয়াহেদ৷ গত তিন ম্যাচে তিন গোল পাওয়া স্ট্রাইকারের দিকেই তাকিয়ে ক্যাপেলা।
মোহামেডানকে রক্ষণাত্মক ফুটবল খেলাচ্ছেন বলে ক্যাপেলাকে প্রায়ই সমালোচনা শুনতে হয়। কাল প্রসঙ্গটা তুলতেই তাঁর প্রতিবাদ, ‘আমি ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাই। কিন্তু ফরোয়ার্ডরা বেশি গোল পাচ্ছে না। এ জন্যই আমাকে কৌশলী হতে হচ্ছে। আমি রক্ষণাত্মক কোচ নই।’
শেখ জামাল কোচ যোসেফ আপুসি সর্বদাই আক্রমণাত্মক। তবে চলতি বাংলাদেশ লিগের প্রথম পর্বে ক্যাপেলার বিপক্ষে জিততে পারেননি এই নাইজেরিয়ান (ম্যাচ ১-১)। ফিরতি লিগে জয়ই তাঁর একমাত্র ভাবনা, ‘আমরা জয় ছাড়া আর কিছু ভাবছি না।’
আবাহনীরও আজ গুরুত্বপূর্ণ ম্যাচ বিজেএমসির সঙ্গেÿ। এবং এ মৌসুমে আজই প্রথম ঢাকার বাইরে ম্যাচ হচ্ছে। চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেÿ সন্ধ্যা সাড়ে ৭টায় নামবে ফেনী সকার।