ক্যাপেলা না ফেরা পর্যন্ত জুয়েল
মোহামেডান ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হলেন জুয়েল রানা৷ এই দায়িত্ব অবশ্য রুই ক্যাপেলা ফিরে না আসা পর্যন্ত৷ পর্তুগিজ কোচ অসুস্থ স্ত্রীর পাশে থাকতে দেশে গেছেন দিন কয়েক আগে। তাঁর জায়গায় লিগে একটা ম্যাচে মোহামেডানের প্রধান কোচ ছিলেন আলফাজ আহমেদ। সেই জায়গায় জুয়েলকে অানল মোহামেডান।
জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল মোহামেডানের সহকারী কোচ ছিলেন কিছুদিন। প্রধান কোচ সাইফুল বারী অসুস্থ থাকলে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। বর্তমান কোচিং স্টাফেও তিনি ছিলেন। তবে কিছু কারণে অসন্তুষ্ট হয়ে কিছুদিন তিনি ক্লাবে আসেননি। ক্যাপেলা দেশে যাওয়ার পর আবার যোগাযোগ করে জুয়েলকে নিয়ে আসা হয়েছে৷
গতকাল দলের অনুশীলনও করিয়েছেন সাবেক এই ডিফেন্ডার। ফেরা প্রসঙ্গে বললেন, ‘আর্থিক কারণে চলে গিয়েছিলাম। আবার ফিরলাম।’ ক্যাপেলা ফিরলে নিজের ভূমিকা প্রসঙ্গে তাঁর কথা, ‘সমস্যা নেই। ক্যাপেলা তার মতো করে কাজ করবে, আমি আমার মতো।’ মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ব্যাপারটা খোলাসা করে দিলেন, ‘ক্যাপেলা না ফেরা পর্যন্ত জুয়েলকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছি আমরা।’
ক্যাপেলার ক্যানসারে আক্রান্ত স্ত্রীর অস্ত্রোপচার আগামী ১০ জুন। এরপর ঢাকা ফিরতে সমস্যা নেই বলে পর্তুগাল থেকে জানিয়েছেন মোহামেডানের কোচ। অল্প কিছুদিনেই যিনি মোহামেডানের মন জয় করেছেন।