‘আমি আমার খেলোয়াড়দের বিরতির সময় বলেছিলাম, তৃতীয় গোল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা জানতাম, আমরা প্রতি-আক্রমণে ইংল্যান্ডকে আঘাত করতে পারব। কারণ তারা চড়াও হয়ে খেলবে। আমাদের খেলোয়াড়েরা সেটা দারুণভাবে করতে পেরেছে’—ইংল্যান্ডকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেওয়ার পর বলেছেন উচ্ছ্বসিত জার্মান কোচ জোয়াকিম লো। হতাশ-বিষণ্ন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো আর কী বলবেন? লজ্জার এই পরাজয় তাঁকে হতভম্ব করে দিয়েছে। তবে পরাজয়ের কারণটা তাঁর অজানা নয়। ল্যাম্পার্ডের শট ক্রসপিচে লেগে নিচে পড়ার পর গোললাইন অতিক্রম করেছে বলেই টিভি রিপ্লে বলছে। ওই গোল দেননি রেফারি। আর এটাই ইংল্যান্ডের পরাজয়ের বড় কারণ মানছেন ক্যাপেলো। ‘ল্যাম্পার্ডের ঘটনাটা ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রেফারি খুব বড় ভুল করেছেন। ওটা গোল দেওয়া হলে ম্যাচটা ব্যতিক্রম হতে পারত’—ক্যাপেলো এই কথা বললেও জার্মানিকে যেন নতমস্তকে কুর্নিশও করে গেলেন। প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষকে, ‘জার্মানি গ্রেট দল। আমরা প্রতি-আক্রমণে ধরা পড়ে গেলাম।’ হ্যাঁ, ইংল্যান্ড ধরাই পড়ে গেল। আর এটা ফুটবলে হতেই পারে বলে ইংল্যান্ড কোচ সান্ত্বনাই যেন পেতে চাইলেন এই কথা বলে, ‘এটাই ফুটবল। ছোটখাটো বিষয়ই ব্যবধান গড়ে দেয়।’ ইংল্যান্ডের সঙ্গে ক্যাপেলোর চুক্তি ২০১২ সাল পর্যন্ত। ২০০৮ সালে দায়িত্ব নেওয়ার পর এই ইতালিয়ান কালকের ওই পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ একরকম ঠিকই করে ফেলেছেন মনে হচ্ছে। সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছেন হয়তো বা দায়িত্ব ছেড়ে দেবেন। জল্পনা শুরু হয়েছে, ক্যাপেলো সরে যাবেন নাকি তাঁকে বিদায় দেওয়া হবে?‘চেয়ারম্যানের সঙ্গে আমাকে কথা বলতে হবে। লন্ডনে ফিরে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি দেখতে চাই, আমার ওপর এখনো তাঁর আত্মবিশ্বাস আছে কি না’—সংবাদ সম্মেলনে পদত্যাগের সম্ভাবনা নিয়ে কথা উঠলে ক্যাপেলো তা বাতিল করে দিয়েছেন। তবে পরে এর সম্ভাবনা উড়িয়ে দেননি, ‘সবকিছু আমাকে ভাবতে হবে।’ ৪-১ স্কোরলাইনে যাঁর বড় অবদান, সেই থমাস মুলার দ্বিতীয়ার্ধে ধ্বংস করে দিলেন ইংল্যান্ডকে। ১-২ গোলে পিছিয়ে থাকা ইংল্যান্ড যখন ম্যাচে ফিরতে মরিয়া, তখনই দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন মুলার। দু-দুটি গোল করে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক তিনিই ঠুকলেন। এখন জার্মানি কত দূর যাবে? এই জয়ের পর জার্মানবিদ্বেষীরাও বলবেন দলটি আরও অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে। ব্যতিক্রম নন মুলারও, ‘এখন সবকিছুই সম্ভব। এমনকি সামনে আর্জেন্টিনার মতো কঠিন প্রতিপক্ষ হলেও...। এটা কোনো ব্যাপার নয়। বাধা এড়িয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’ম্যাচের ঘণ্টাখানেক আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শোয়েনস্টাইগার। এই ম্যাচের জার্মান দলের একজন সদস্য হিসেবে গর্বিত তো তিনি হবেনই। এই মিডফিল্ডার বলছেন, ‘আমরা যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত। ট্যাকটিক্যালি খুবই ভালো খেলেছি আমরা। আমরা জমাট ছিলাম এবং আমাদের ফরোয়ার্ডটা কিছু ভালো মুভ তৈরি করেছে।’ অনিবার্যভাবে ল্যাম্পার্ডের ওই ঘটনাটা নিয়ে শোয়েনস্টাইগারকেও বলতে হলো, ‘অবশ্যই, ল্যাম্পার্ডের ওটা গোল না হওয়া মানে আমরা কিছুটা ভাগ্যের পরশ পেয়েছি।’ কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকো-আর্জেন্টিনাকে নিয়েও বললেন শোয়েনস্টাইগার, ‘আর্জেন্টিনা-মেক্সিকো দু দলকেই আমরা সম্মান করি। কিন্তু আমাদের কোনো ভয় নেই। আমরা একটা ভালো দল এবং আমরা সামনে তাকাতে পারি, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনাল।’জার্মানির গোল-উৎসবের সূচনা করেছেন যিনি, সেই মিরোস্লাভ ক্লোসার কাছে এই বিকেলটা ছিল অসাধারণ। বাজে একটা মৌসুম কাটানোর পরও দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে কটু কথা বলেছেন অনেকে। কিন্তু ক্লোসা প্রথম ম্যাচে এক গোল করার পর কাল আবার এক গোল করে সমালোচকদের আরেকটা জবাব দিলেন। বিশ্বকাপে ১২ গোলের মালিক ম্যাচের পর বলছিলেন, ‘প্রথম মিনিট থেকেই আমরা আক্রমণাত্মক ছিলাম। এটা ঠিক ঘানা ম্যাচের মতো ছিল না। এই জয় আমাদের খুবই প্রাপ্য ছিল। আমরা সব সময় বলেছি, আমাদের লক্ষ্য অন্তত সেমিফাইনালে যাওয়া।’ এএফপি, ওয়েবসাইট।