ক্যাপেলো পালিয়ে যাননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত আলোচিত ঘটনার জন্ম দিলেন যিনি, সেই তিনিই মুখে যেন কুলুপ এঁটে বসে ছিলেন। কেন এই আকস্মিক পদত্যাগ— রহস্যোপন্যাসের জমাট ধাঁধার মতো জমে ওঠা প্রশ্নটার উত্তরও তাই মিলছিল না। অবশেষে মুখ খুললেন ফ্যাবিও ক্যাপেলো। পরশু ইতালির একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তাতে প্রথমেই যে কথাটি বলেছেন, ‘আমি পালাইনি।’প্রসঙ্গটা উঠেছে কেউ কেউ খোঁচা দেওয়া মন্তব্য করায়। এই নিন্দুকদের বক্তব্য, আগামী ইউরোতে এমনিতেই মুখ থুবড়ে পড়ত ইংল্যান্ড। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, রোমা, জুভেন্টাসের মতো ক্লাবের কোচ হিসেবে ঝলমলে রেকর্ড আছে তাঁর। সেই সুনামটাকে বাঁচাতেই আগেভাগেই কেটে পড়লেন এই ৬৫ বছর বয়সী।‘আমি পালাইনি। আমি ছেড়ে দিয়েছি, কারণ আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সবকিছু ভালোভাবেই চলছিল। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, আপনি সরে দাঁড়াতে বাধ্য হন’—বলেছেন ক্যাপেলো।এখন কি তাহলে আবার ইতালিয়ান ফুটবলে দেখা যাবে তাঁকে? মিলান-রোমা-জুভেন্টাসের হয়ে সাতবার লিগ জিতেছেন। মিলানকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগও। কোচ হিসেবে কঠিন-কঠোর তাঁর হূদয়। দলীয় শৃঙ্খলার ব্যাপারে সামান্যতম ছাড় দিতে নারাজ। ক্যাপেলোকে লুফেই নেবে ইতালির ক্লাবগুলো। কিন্তু আপাতত কোনো ক্লাবের হয়েই কাজ করতে চান না তিনি। ‘ইতালিতে কাজ করব কিনা? না! একদমই না। এখন আমি শুধু বিশ্রাম নিতে চাই’—বলেছেন ক্যাপেলো। এএফপি।