ক্যাপেলো রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার অধিনায়ক আন্দ্রে আরশাভিন আগেই আভাস দিয়েছিলেন। বাতাসে উড়তে থাকা গুঞ্জনটাই আলোর মুখ দেখল, ফ্যাবিও ক্যাপেলোই হতে যাচ্ছেন রাশিয়ার পরবর্তী কোচ। বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক নামীদামি ক্লাবেরই কোচ ছিলেন। সর্বশেষ ছিলেন ইংল্যান্ড দলের কোচ, খুব একটা খারাপ যে করছিলেন তা-ও নয়। তবে বর্ণবাদের অভিযোগে জন টেরি অভিযুক্ত হলে ইংলিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে মতবিরোধে দায়িত্ব ছেড়ে দেন ক্যাপেলো। তারপর থেকে চাকরিহীনই ছিলেন এই ইতালিয়ান কোচ।এই পদের প্রার্থী তালিকায় ছিল তারার মেলা। হ্যারি রেডন্যাপ, রাফায়েল বেনিতেজ, মার্সেলো লিপ্পি, মার্সেলো বিয়েলসা, পেপ গার্দিওলাদের নামও শোনা যাচ্ছিল। তবে শেষমেশ ৬৬ বছর বয়সী ক্যাপেলোকেই বেছে নিল রাশিয়ান ফেডারেশন। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নিকিতা সিমোনিয়ান এক আনুষ্ঠানিক ঘোষণায় কাল বলেছেন, ‘আমি আশা করছি, খুব তাড়াতাড়িই তিনি মস্কোতে এসে সবকিছু চূড়ান্ত করে চুক্তিতে সই করবেন। ধারণা করছি, বুধবার বা বৃহস্পতিবার এটা হতে যাচ্ছে।’ ইউরোতে দুর্দান্ত সূচনার পরও রাশিয়া প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে। দলের এই ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান ডাচ কোচ ডিক অ্যাডভোকাত। এরপরই কোচের সন্ধানে নামে রাশিয়া। ক্যাপেলোই ছিল তাদের প্রথম পছন্দ। এএফপি।