ক্যাপেলোকে শিয়ারারের তীর
ফ্যাবিও ক্যাপেলো তাহলে খুব ভাগ্যবান! এখনো ইংল্যান্ডের কোচের পদটি অলংকৃত করে আছেন—এটাই এই ইতালিয়ানের ভাগ্য! অ্যালান শিয়ারার দ্য সান-এ তাঁর কলামে যা লিখেছেন, তার অর্থ এটাই দাঁড়ায়।ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার বারবাডোজ গেছেন। নয়নাভিরাম সূর্যোদয়, আলমন্ড উপকূলে আছড়ে পড়া আটলান্টিক মহাসাগরের ঢেউ—এগুলো উপভোগ করতে করতেও ইংল্যান্ডের ফুটবল নিয়ে চিন্তা মন থেকে তাড়াতে পারেননি শিয়ারার। নিউক্যাসল ইউনাইটেডের সাবেক তারকা যোগ দিয়েছেন ইউরো বাছাইয়ে সুইজারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের ২-২ গোলে ড্র করা ম্যাচ নিয়ে আলোচনায়। ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর বিরুদ্ধে চলমান সমালোচনায়ও যোগ দিয়েছেন।শিয়ারার মনে করেন, ইংল্যান্ডের ক্যাপেলো-প্রকল্প ব্যর্থ, ‘ক্যাপেলো আমাদের এখানে আসার আগে গ্রেট কোচই ছিলেন। অন্য অনেকের মতো তার সাফল্যের তালিকাও ছিল লম্বা। অবশ্যই তিনি ভালো কোচ। তবে ইংল্যান্ডে তার এসব কাজ করেনি।’ক্যাপেলো পুরোপুরি ব্যর্থ হয়েছেন ইংলিশদের অনেক আশার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ইংল্যান্ড। জার্মানির কাছে হেরে সেখান থেকেই বিদায়। ওই ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে শিয়ারার বলেছেন, ‘এই চাকরিতে আপনাকে বড় টুর্নামেন্টগুলো দিয়েই বিবেচনা করা হবে। দক্ষিণ আফ্রিকায় আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এ ব্যাপারে সবাই একমত হবেন। আমার মনে হয়, অন্য যেকোনো বড় দেশেই এমন করার পর তিনি বরখাস্ত হতেন।’বিশ্বকাপের পর ‘ক্যাপেলোকে তাড়াও’ রব উঠেছিল ইংল্যান্ডে। সুইজারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর আবার ইংল্যান্ডে চলছে ক্যাপেলোর মুণ্ডপাত। তবে শিয়ারার এখনই ক্যাপোলোকে বরখাস্ত করার পক্ষে নন, ‘এখন অবশ্য তাকে বরখাস্ত করা যাবে না। ইউরো বাছাইপর্ব আমরা এখনো উতরাতে পারি। ওয়েবসাইট।