ক্যাপেলোর কণ্ঠে অন্য সুর
খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স রং বদলায়। বদলায় মানুষের মনও। ১৮ জুন আফ্রিকান দল আলজেরিয়ার সঙ্গে ড্র (০-০) করল মহাপ্রতাপশালী ইংল্যান্ড। ক্ষোভ আর হতাশায় দলের ইতালিয়ান কোচ বলেই ফেললেন, ‘এই ইংল্যান্ডকে আমি চিনি না!’ মাঝে গড়িয়েছে মাত্র পাঁচ দিন। সেই ক্যাপেলোই বলছেন, ‘এটা সেই ইংল্যান্ড, যাদের আমি চিনি!’অতি স্বল্প সময়ের ব্যবধানে কোচ ক্যাপেলোর মনের দরজা দিয়ে প্রশান্তির স্রোত বয়ে যাওয়ার কারণ, সব সংশয়-সমালোচনার জাল ফুঁড়ে তাঁর শিষ্যরা নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। ফল ১-০ গোলের হলেও স্লোভেনিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তাঁর দল খেলেছে আশাজাগানিয়া ফুটবল। ঠিক যেন বাছাইপর্বের সেই দুর্বার ইংল্যান্ডকেই দেখতে পাচ্ছিলেন কোচ, ‘আমার মনে আছে, বাছাইপর্বে দলের এই স্পিরিটটাই ছিল। যেটা তারা গত ম্যাচে (আলজেরিয়ার সঙ্গে) হারিয়ে ফেলেছিল।’জার্মেইন ডিফোর দেওয়া একমাত্র গোলে স্লোভেনিয়াকে হারিয়েছে ক্যাপেলোর দল। তবে ফল নয়, জেরার্ড-ল্যাম্পার্ডদের মাঠের পারফরম্যান্সই কোচকে তৃপ্তি দিয়েছে বেশি, ‘দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্বিতীয় গোলের জন্য আমরা অনেক সুযোগ তৈরি করতে পেরেছি। কিন্তু গোল পাইনি। তবে আজ জয় পাওয়াটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।’ দল ভালো খেললেও গোলের প্রধান অস্ত্র ওয়েইন রুনি এদিনও ছিলেন আগের দুই ম্যাচের মতোই নিষ্প্রভ। মিস করেছেন সহজ কয়েকটি সুযোগ। তার পরও রুনির পাশেই আছেন কোচ, ‘আমি তাকে উঠিয়ে নিয়েছি, কারণ সে অ্যাঙ্কেলে সমস্যা বোধ করছিল। আমি জানি না তাঁর অ্যাঙ্কেলের প্রকৃত অবস্থাটা কী, তবে আমি উদ্বিগ্ন নই। আমি মনে করি, আমাদের পরবর্তী ম্যাচের জন্য সে ঠিক আছে।’আক্রমণভাগে যাই হোক, রক্ষণে সাবেক অধিনায়কের প্রতি কোচের চাওয়া জন টেরি কতটুকু পূরণ করেছেন শুনুন ক্যাপেলোর মুখেই, ‘হ্যাঁ, টেরিই মাঠে নেতা ছিল। মাঠে ও দারুণ ভালো খেলেছে।’ অবশেষে জয় পেয়ে আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে ক্যাপেলোর, ‘এখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব। আমার খেলোয়াড়দের মান খুবই ভালো।’ ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে গেছে ঠিকই, তবে আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ জার্মানি। পরশু ম্যাচের পর যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, তখনো ক্যাপেলো জানতেন না প্রতিপক্ষ জার্মানি নাকি সার্বিয়া। ক্যাপেলো তবু জানিয়ে দেন প্রতিপক্ষ কে, এটা কোনো বিষয় না তাঁর জন্য। এএফপি।