ক্যাপেলোর চোখে মেসি-নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালাগা কোচ বার্নড শুস্টারের কাছে নেইমার এক নতুন ‘উপদ্রব’। লিওনেল মেসির দাপটে অস্থির সব প্রতিপক্ষের জন্য নতুন আতঙ্ক। কথাগুলো নেতিবাচক, কিন্তু এতেই তো বোঝা যায় মেসি ও নেইমারের প্রতি সমীহ। প্রতিপক্ষ হিসেবে শ্রদ্ধা। ইয়োহান ক্রুইফের মতো কেউ কেউ মেসি-নেইমার জুটির সাফল্য নিয়ে সন্দিহান হতে পারেন কিন্তু এর উল্টোটা ভাবছেন এমন লোকের সংখ্যাও কম নয়। আসন্ন মৌসুমে হতে যাওয়া এ জুটিকে নিয়ে রীতিমতো রোমাঞ্চিত রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলো। তাঁর বিশ্বাস, বার্সেলোনার এই তারকা জুটি সামনের মৌসুমে অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। সান্তোসে খেলে নজর কেড়েছেন, আলো ছড়িয়েছেন ব্রাজিলের হয়ে কনফেডারেশনস কাপে। ৫৭ মিলিয়ন ইউরোতে কিছুদিন আগে বার্সেলোনায় যোগ দেওয়া নেইমার এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় মহাতারকাও। সদ্য শেষ হওয়া কনফেডারেশনস কাপে ব্রাজিলকে শিরোপা জেতানো এই ফরোয়ার্ডের গুণমুগ্ধ রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের সাবেক ইতালিয়ান কোচ, ‘ও অনন্য গুণসম্পন্ন এক অসাধারণ ফুটবলার। গতি, দক্ষতা সবই আছে তাঁর। দুই পায়েই শট নিতে পারে আর মাঠে ঠিক সময়মতো ঠিক জায়গাতে থাকতে জানে।’

নেইমারকে দেখেছেন দূর থেকে। কিন্তু দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসির উত্থানটা দেখেছেন খুব কাছ থেকেই। সেই মেসি এখন বিশ্বসেরা ফুটবলার। আসন্ন মৌসুমে মেসি-নেইমার জুটির সাফল্য নিয়ে তাই সংশয় নেই ক্যাপেলোর, ‘আমার মনে হয় মেসি-নেইমারকে হারানো খুব কঠিন হবে। কারণ ওদের যেকোনো সময় গোল করার ক্ষমতা আছে। শিরোপা জেতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

মেসি-নেইমারকে নিয়ে এই ভাবনার পাশাপাশি ক্যাপেলো আশাবাদী, তাঁর একসময়ের ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলোত্তিকে নিয়েও। দুই দফায় রিয়ালের কোচ ছিলেন বলেই ওদের কায়দা-কানুন আর সাফল্যমন্ত্রটাও ভালোই রপ্ত করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই উত্তরসূরিকে কিছু উপদেশও দিলেন ক্যাপেলো, ‘আপনি যখন মাদ্রিদে যাবেন, আপনাকে মনে রাখতে হবে—খেলোয়াড়, কোচ সবকিছুর আগে ক্লাব। রিয়াল মাদ্রিদে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করা উচিত নয়।’ এএফপি।