ক্যাপেলোর সমালোচনাই তো করলেন জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে নিকোলাস আনেলকার। ফ্রান্স অধিনায়ক প্যাট্রিক এভরাও জানিয়েছেন, দলে অসন্তুষ্টি আছে অনেক। এবার বিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে ইংলিশ শিবির থেকেও। ফ্যাবিও ক্যাপেলোর একদম শেষ মুহূর্তে সেরা একাদশ ঘোষণার নীতিতে দলের অনেকেই অসন্তুষ্ট, ডেভিড জেমসের কথায় ইঙ্গিত পাওয়া গেছে এমনটাই।প্রথম ম্যাচে হাস্যকর গোল খাওয়া নিয়ে রবার্ট গ্রিন বলেছিলেন, মানসিকভাবে নাকি প্রস্তুত ছিলেন না তিনি। খেলা শুরুর মাত্র ঘণ্টা দুয়েক আগে তাঁকে জানানো হয়েছিল একাদশে থাকার কথা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের গোলবার সামলানো জেমস জানালেন, তাঁর অভিজ্ঞতাটাও একই রকম, ‘টিম বাসে ওঠার পাঁচ মিনিট আগে জানতে পেরেছি দলে থাকার কথা। এমনটাই সব সময় হয়ে থাকে! গত ম্যাচ খেলেছি বলেই আমি যে পরের ম্যাচ খেলতে পারব, এর নিশ্চয়তা নেই। অনুশীলনে ঘাম ঝরানোর পর বুধবারের ম্যাচের আগে আবার আমাদের তাকিয়ে থাকতে হবে দল নির্বাচনের দিকে, আবার হয়তো মিনিট পাঁচেক আগেই জানা যাবে।’শুধু জেমসই নয়, দল নির্বাচন নিয়ে এই লুকোচুরিতে আরও বেশ কজন ইংলিশ ফুটবলারের অসন্তুষ্টির কথা দিনকয়েক আগে জানিয়েছিলেন ইংল্যান্ড দলের ঘনিষ্ঠ এক সূত্র। এটা নিয়ে আলোচনায় সরগরম এখন গোটা ইংল্যান্ডের ফুটবল-মহল। সাবেক ইংলিশ কোচ গ্রাহাম টেলরের অভিমত, ক্যাপেলো ইংল্যান্ডের সংস্কৃতি বুঝছেন না, ‘শিল্প-সাহিত্য ও ক্রীড়ায় প্রত্যেক দেশেরই আলাদা সংস্কৃতি আছে। ভুল হোক বা ঠিক, আমাদেরও আলাদা সংস্কৃতি আছে। কিন্তু ক্যাপেলো ইংল্যান্ডে ইতালিয়ান স্টাইল ঢোকাতে চাইছেন, এটা একটা বড় ভুল।’ এএফপি।