ক্যাপেলোর ‘দুধভাতে উৎপাত’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাবিও ক্যাপেলোর মেজাজটা কদিন ধরে তিরিক্ষি হয়ে আছে। নিরুপদ্রব সংসারে এ কী উৎপাত! বিশ্বকাপের আর মাত্র শ-খানেক দিন বাকি। এরই মধ্যে একের পর এক উটকো ঝামেলায় জড়িয়ে পড়ছে তাঁর দল। খোদ ডিয়েগো ম্যারাডোনার মতো খ্যাপাটে কোচসহ বাকি ৩১ দলের কোচ যখন বিশ্বকাপের রণকৌশল সাজাচ্ছেন, ক্যাপেলোকে মাথা ঘামাতে হচ্ছে ‘পরকীয়া’ নিয়ে! ভেবেছিলেন জন টেরিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেই ঝামেলা মিটবে। কিন্তু উল্টো শুরু হলো নতুন ঝামেলা। জাতীয় দল থেকে স্বেচ্ছানির্বাসন নিয়ে নিলেন ওয়েইন ব্রিজ। জানিয়ে দিলেন, বিশ্বকাপে তিনি খেলবেন না। অথচ দল ঘোষণার অনেক আগেই ক্যাপেলো জানিয়ে রেখেছিলেন, ব্রিজ থাকছে তাঁর দলে। সেই থাকাটা আরও বেশি নিশ্চিত হয়ে গিয়েছিল চোট পেয়ে লেফট-ব্যাক অ্যাশলি কোলের তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায়। কিন্তু এত সব ঘটনার পর সেন্টার-ব্যাক টেরির পাশে দাঁড়িয়ে ইংল্যান্ডের রক্ষণভাগ সামলানো তাঁর জন্য অস্বস্তিকর হবে বলেই বিশ্বকাপে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার।এরই মধ্যে গত শনিবার নিজের পুরোনো ঠিকানা স্টামফোর্ড ব্রিজে খেলতে গিয়েছিলেন ব্রিজ। মুখোমুখি হয়েছিলেন জন টেরির। ম্যাচ শুরুর আগেই আরেক কাণ্ড করে বসেছেন। টেরির সঙ্গে হাত মেলাতে রাজি হননি! সে এক বিব্রতকর পরিস্থিতি। একটা কিছু পেলে সেটা নিয়ে হুমড়ি খেয়ে পড়া ব্রিটিশ মিডিয়া আপাতত এসব নাটকেই মজে আছে। আর ক্যাপেলো আছেন মহা দুশ্চিন্তায়। বিশ্বকাপে দলটাই না লক্ষ্যচ্যুত হয়। মাঠের বাইরের ঘটনা নিয়ে বেশি মাতামাতি করার ‘ঐতিহ্য’ তো ইংল্যান্ডের মজ্জাগত। অথচ অনেক ফুটবল-পণ্ডিতই মনে করেন, ১৯৬৬ বিশ্বকাপের পর এবারই শিরোপা জয়ের বড় সুযোগ ইংল্যান্ডের। যে দলটিকে সবাই এবার নির্দ্বিধায় ফেবারিট ধরে বসে আছে, সেই স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক সেদিন বলে দিলেন, এবার ইংল্যান্ডের ভালো সম্ভাবনা আছে। ইতালিয়ান কোচ মুখে অবশ্য বলছেন দুশ্চিন্তার কিছু নেই। শুধু তা-ই নয়, ব্রিজের ‘ছেলেমানুষি সিদ্ধান্ত’টাও পাল্টাতে পারবেন বলে নিজের ওপর আস্থা আছে তাঁর, ‘আমি ওয়েইন ব্রিজের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে ওর মত পাল্টাতে আমাদের হাতে এখনো তিন মাস সময় আছে। সব খেলোয়াড়ের জন্য আমি দরজা খোলা রেখেছি। ব্রিজের জন্যও খোলা থাকবে।’নিজের জীবনকে দিয়ে ব্রিজের সামনে উদাহরণ টেনেছেন ক্যাপেলো, বোঝাতে চেষ্টা করেছেন বিশ্বকাপের মাহাত্ম্য কী, ‘আমি আমার জীবনে মাত্র একটা বিশ্বকাপ খেলেছি। বিশ্বকাপ খেলা চাট্টিখানি কথা নয়। খুব বেশি সুযোগ আসে না। ওকে তাই সিদ্ধান্ত নিতে হবে।’ব্রিজকে ফিরে পেতে যতটা ব্যাকুল ক্যাপেলো, ঠিক ততটাই তিনি দৃঢ়প্রতিজ্ঞ, টেরিকে অধিনায়কের পদে ফেরাবেন না, ‘বিশ্বকাপ পর্যন্ত টেরির অধিনায়ক হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আমি যদি ইংল্যান্ডের ম্যানেজার থাকি, আর কখনোই ও অধিনায়ক হতে পারবে না।’ এএফপি।