ক্যাপেলোরও অচেনা এই ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন বিষাদময় জন্মদিন ফ্যাবিও ক্যাপেলোর জীবনে হয়তো খুব কমই এসেছে। গ্রুপের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে বড় জয় দিয়ে ৬৪তম জন্মদিন উদ্যাপন করবেন, ইংল্যান্ড কোচের আশা ছিল এমনটাই। অথচ ম্যাচশেষে কিনা নিজের দলকে নিয়েই তাঁকে বলতে হচ্ছে, ‘বাছাইপর্বে ও অনুশীলনে যে দলকে দেখেছি, এই দল সেই দল নয়। এই ইংল্যান্ডকে আমি চিনি না!’জন্মদিনের উৎসবে ছাই দেওয়ার জন্য নয়, বুকের গভীর থেকে উঠে আসা ক্যাপেলোর এই দুঃখ ইংল্যান্ডের খেলা দেখে। আলজেরিয়ার বিপক্ষে ইংল্যান্ড গোলশূন্য ড্র করেছে বলেই কোচের এমন অভিমান নয়। বাছাইপর্বে যে দল ১০ ম্যাচের নয়টি জিতেছে, সব মহাদেশ মিলিয়েই করেছে সবচেয়ে বেশি গোল, সেই দলটি আফ্রিকা থেকে প্লে-অফ খেলে আসা আলজেরিয়ার বিপক্ষে তো গোলের কোনো ভালো সুযোগই সৃষ্টি করতে পারল না! মরিয়া ক্যাপেলো গোলের জন্য নামিয়ে দিয়েছিলেন স্কোয়াডে থাকা তাঁর চার স্ট্রাইকারকেই, কিন্তু লাভ কিছু হয়নি।আরেকটা দুঃখও ক্যাপেলোর থাকতে পারে, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে যে জবাবটা দেওয়া হলো না! অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার বেকেনবাওয়ার দিনকয়েক আগে বলেছিলেন, ‘এই ইংল্যান্ড দল শুধু বলে লাথি মারা ও দৌড়ানো ছাড়া আর কিছু পারে না।’ মুখে জবাব দিয়েছিলেন ক্যাপেলো, কিন্তু মাঠে তাঁর শিষ্যরা কোচের মান রাখলেন কোথায়! তাঁরা যেন বরং বেকেনবাওয়ারের কথাকেই সত্যি প্রমাণের চেষ্টা করে গেলেন। ক্যাপেলোর তো বিশ্বাসই হচ্ছে না তাঁর দল এমন খেলতে পারে, ‘আমরা পাস অনেক বেশি মিস করেছি, বল হারিয়েছি অনেকবার। অবিশ্বাস্য সব ভুল করেছি আমরা, ইংল্যান্ডের জন্য এমন ফুটবল অবিশ্বাস্য।’যাঁকে ঘিরেই মূলত ৪৪ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল ইংল্যান্ড, সেই ওয়েইন রুনি প্রথম ম্যাচের মতো পরশুও ছিলেন নিজের ছায়া হয়ে। বক্সের বাইরে থেকে দু-তিনবার দুর্বল শট নেওয়া ছাড়া করতে পারেননি কিছুই। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর পরশুও এমিল হেসকিকে একাদশে রেখেছিলেন ক্যাপেলো, কিন্তু ৭৪ মিনিট মাঠে থেকেও দিতে পারেননি আস্থার প্রতিদান। আর লিভারপুলের স্টিভেন জেরার্ড ও চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পরশুও পারেননি ইংল্যান্ডের জেরার্ড বা ল্যাম্পার্ড হতে। পুরো ম্যাচে বলার মতো কোনো গোছানো আক্রমণ গড়তে পারেনি ইংল্যান্ড, আলজেরিয়ার বক্সেই তো ঢুকতে পারছিলেন না রুনি-হেসকিরা! আলজেরিয়ার ডিফেন্সে ইয়াহিয়া-বোঘেরারা দুর্দান্ত খেলেছেন। বল পেলেই দ্রুতগতিতে আক্রমণে উঠে ইংল্যান্ড ডিফেন্সকে কাঁপিয়ে দিয়েছেন আলজেরিয়ানরা।গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন অবশ্য ল্যাম্পার্ডই। ৩২ মিনিটে অ্যারন লেলনের ক্রসের বল আলজেরিয়ার এক ডিফেন্ডার মাথা হয়ে আসে বক্সের ভেতর থাকা ল্যাম্পার্ডের কাছে। বুক দিয়ে বল নামিয়ে গোলে কিক নিয়েছিলেন তিনি, কিন্তু ঝাঁপিয়ে পড়ে বাঁচান আলজেরিয়ান গোলরক্ষক রাইস এমবোহলি। স্লোভেনিয়ার বিপক্ষে শিশুতোষ ভুল করা ফাওজি চাওচির জায়গার পরশু আলজেরিয়ার গোলবারে ছিলেন এমবোহলি, একই কারণে ইংল্যান্ড গোলবারে রবার্ট গ্রিনের জায়গায় যেমন ছিলেন এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ডেভিড জেমস। ইংল্যান্ডকে নিয়ে ইংলিশদের উচ্চাশা প্রতি বিশ্বকাপেই থাকে। তবে এবার পারদটা আরও উঁচুতে ছিল হয়তো বাছাইপর্বের পারফরম্যান্সের জন্যই। এই প্রত্যাশার চাপেই কি তবে এমন বিবর্ণ ইংল্যান্ড? সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না ক্যাপেলো, ‘হতে পারে এটা চাপের জন্য। আমাদের আরও দ্রুত বলের কাছে যেতে হবে।’ পারফরম্যান্স ভালো হয়নি মেনে নিচ্ছেন অধিনায়ক জেরার্ডও, ‘পারফরম্যান্সে আমরা মোটেও খুশি নই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে, অনেক উন্নতি।’ দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও পরশু ম্যাচসেরা হওয়া ডিফেন্ডার অ্যাশলি কোল এখন তাকিয়ে স্লোভেনিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের দিকে, ‘আমরা ভাগ্যবান যে স্লোভেনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্র ড্র করতে পেরেছে, হেরে গেলে পরিস্থিতিটা আরও বাজে হতো। এখন স্লোভেনিয়ার বিপক্ষে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’ এএফপি।