ক্যামেরুন দল নিয়ে ফুটবলারদের প্রশ্ন!
এবারের বিশ্বকাপে এ পর্যন্ত একটি ম্যাচে অংশ নিয়েছে ক্যামেরুন। জাপানের কাছে গত সোমবার অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে হেরে যায় স্যামুয়েল ইতোর দল। কাল শনিবার আরেকটি ম্যাচে ক্যামেরুন যখন নামতে যাচ্ছে, তখন প্রশ্ন উঠেছে কোচ পল লি গুয়েনের দল নিয়ে। প্রশ্নটি আবার বাইরের সমালোচকদের থেকে নয়, গুয়েনের গড়া দলটি মেনে নিতে পারছেন না দলের সিনিয়র ফুটবলাররাই!আফ্রিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলা ক্যামেরুন এর আগে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছে। ক্যামেরুনের ষষ্ঠ বিশ্বকাপ অভিযানে তারুণ্যনির্ভর দল গড়েছেন কোচ লি গুয়েন। বিশ্বকাপ শুরুর আগে এ নিয়ে সমালোচনা না হলেও প্রথম ম্যাচে হারের পর সমালোচনামুখর দলটির সিনিয়র ফুটবলাররা। বিশেষ করে দুই ডিফেন্ডার রিগোবার্ট সং ও জেরেমি এবং মিডফিল্ডার আলেক্সান্ডার সংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না তাঁরা।জাপানের কাছে হারের পর এখন পর্যন্ত সাংবাদিকদের সামনে আসেননি ক্যামেরুন কোচ। গতকাল বৃহস্পতিবার নির্ধারিত সংবাদ সম্মেলনেও থাকেননি গুয়েন। এখানেই ক্ষোভ ঝাড়েন ক্যামেরুনের সিনিয়র ফুটবলাররা। সিনিয়রদের পক্ষ থেকে মিডফিল্ডার অ্যাকিলি এমানা বলছেন, ‘বেশ কিছু দিন থেকে আমরা দেখছি, দলে অভিজ্ঞদের মূল্যায়ন করা হচ্ছে না। বিষয়টি দুঃখজনক হলেও এটিই যেন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।’ জাপানের কাছে হারের পেছনে সরাসরি তরুণদের দায়ী করছেন এমানা। তিনি বলেন, ‘তরুণেরা বিশ্বকাপের মতো আসরের চাপ সহ্য করতে পারছে না। ডেনমার্কের বিপক্ষে নামার আগে তাই দল নিয়ে কোচের পুনর্বিবেচনার আবেদন করছি আমরা।’২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হওয়া এমানাকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামিয়েছিলেন গুয়েন। কিন্তু এ ম্যাচে নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এমানা। ক্ষুব্ধ এই মিডফিল্ডার বলছেন, ‘আমাকে সঠিক জায়গায় খেলতে দেওয়া হচ্ছে না। আমি মাঝমাঠের ফুটবলার হলেও গোটা মাঠে খেলানো হয় আমাকে। এর পরও কি ভালো ফুটবল আশা করা যায়?’