ক্যামেরুন নিয়েও ভাবতে হচ্ছে ব্রাজিলকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লেন থেকে ব্রাসিলিয়া শহরটা দেখতেও ঠিক প্লেনের মতো। দুপাশে পাখা ছড়িয়ে যেন উড্ডীয়মান কোনো বিমান। কাকতালীয়ভাবে হঠাৎ এমন হয়ে যায়নি। এই শহরের কোনো কিছুই হঠাৎ হয়ে যাওয়া নয়। ব্রাজিলের বিখ্যাত সব স্থপতি মিলে গড়েছেন এই স্বপ্নের শহর। যেখানে আজ ব্রাজিলের বিশ্বকাপ-স্বপ্ন নতুন করে ডানা মেলার অপেক্ষায়।
১৯৬০ সালে রিও ডি জেনিরো থেকে ব্রাসিলিয়ায় সরে এসেছে ব্রাজিলের রাজধানী। চার বছরে নির্মিত সেই রাজধানী শহর আধুনিক স্থাপত্যের এমন অনুপম নিদর্শন যে ইউনেসকো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি না দিয়ে পারেনি। ওই তালিকায় বিংশ শতাব্দীতে নির্মিত একমাত্র শহর এই ব্রাসিলিয়া।
ছবির মতো সাজানো-গোছানো সেই শহরেই আজ এমন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে সেলেসাওরা, যেটির সঙ্গে গত ৮টি বিশ্বকাপে তাদের পরিচয় হয়নি। দ্বিতীয় রাউন্ডে উঠতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত ব্রাজিলের অপেক্ষা ১৯৭৮ বিশ্বকাপের পর এই প্রথম। মাঝের ৮টি বিশ্বকাপের ৫টিতেই গ্রুপে শতভাগ জয়। ১৯৯৪ ও ২০১০ বিশ্বকাপে একটিতে ড্র, ১৯৯৮ সালে একটি হার। তবে সেই হার ও ড্র প্রথম দুই ম্যাচে জিতে পরের রাউন্ড নিশ্চিত করে ফেলার পর।
এই বিশ্বকাপে উল্টোপাল্টা সব কাণ্ড ঘটছে বলেই ভয়। নইলে লুইস ফেলিপে স্কলারি অনায়াসে দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিতে পারতেন। প্রতিপক্ষ ক্যামেরুন। ব্রাজিলের সামনে যাদের খড়কুটোর মতো উড়ে যাওয়ার কথা। কিন্তু কথা অনুযায়ী কিছু হচ্ছে নাকি এই বিশ্বকাপে! উরুগুয়ে-ইতালির বিপক্ষে কোস্টারিকারও কি উড়ে যাওয়ার কথা ছিল না?
বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে ৬টি ম্যাচে ব্রাজিলের
শতভাগ জয়ের রেকর্ড। এই ম্যাচের পরও সেটি অক্ষুণ্ন থাকার সম্ভাবনা ৯৯ ভাগ। বাকি ১ ভাগ অনিশ্চয়তার একটা কারণ, এই বিশ্বকাপের পাগুলে চরিত্র। আরেকটি হলো, ক্যামেরুনের কিছু পাওয়ার নেই বলে হারানোরও কিছু না থাকায়।
১৯৯০ বিশ্বকাপের ‘অদম্য সিংহ’ নখদাঁত হারিয়ে অনেক দিনই বিড়ালে পরিণত। ইদানীং তাই ওই নামে ডাকাই হয় না। এই বিশ্বকাপেও ‘সিংহ’ মনে করার কোনো কারণই ঘটেনি। টাকাপয়সা নিয়ে ঝামেলায় ব্রাজিল-যাত্রা বিলম্বিত হওয়া দিয়ে শুরু। মেক্সিকো ও ক্রোয়েশিয়ার কাছে হেরে ফিরতি যাত্রার তারিখ নিয়ে অবশ্য ক্যামেরুন কোনো বিভ্রান্তি রাখেনি। খেলায় হার-জিত থাকেই, কিন্তু ক্যামেরুনিয়ানদের কর্মকাণ্ড তাতেই সীমাবদ্ধ থাকলে তো! ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মাঠেই ক্যামেরুনের দুই খেলোয়াড়ের মাথা দিয়ে গুঁতোগঁুতি স্থান পেয়ে গেছে বিশ্বকাপের ‘হল অব শেমে’।
তা ব্রাজিলের কী খবর? দুই ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সে ব্রাজিলিয়ানরা একটুও খুশি নন। মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও স্কলারি দলের খেলায় ক্রোয়েশিয়া ম্যাচের চেয়ে দশ শতাংশ উন্নতি দেখছেন। বেলো হরিজন্তের হোটেল থেকে চেকআউট করার সময় যা নিয়ে ব্যঙ্গ করলেন রিসেপশনের তরুণ, ‘আমি তো গোলসংখ্যায় তিন শ শতাংশ অবনতি দেখছি।’
ব্রাজিলিয়ান ফুটবল-সমর্থকদের মনস্তত্ত্বটা খুব জটিল। সেলেসাওদের সবচেয়ে নির্দয় সমালোচক তো বটেই, দৃষ্টিভঙ্গিটাও কেমন যেন পরস্পরবিরোধী। যেকোনোভাবে জিতলে খুশি নয়, আবার না জিতলে ভালো খেলারও কোনো মূল্য নেই। মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া যে সেদিন অতিমানব হয়ে নেইমারদের বলতে গেলে একাই ঠেকিয়ে দিলেন, সেটি যেমন কোনো বিবেচনাতেই আসছে না।
দুদিন আগে রিওর কাছে তেরেসোপোলিসের বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে মার্সেলোর কথা নিয়েও ব্যঙ্গ শুনলাম বিমানে ব্রাজিলিয়ান সহযাত্রীর মুখে। মার্সেলো ভুল কিছু বলেননি—অন্য দলগুলো ব্রাজিলের খেলা নিয়ে অনেক বিশ্লেষণ করছে। প্রতিটি ম্যাচই তাই আগের ম্যাচের চেয়ে কঠিন হয়ে উঠছে। যে প্রসঙ্গ ওঠায় সহযাত্রী সফটওয়্যার প্রকৌশলীর কণ্ঠে তীব্র শ্লেষ, ‘মার্সেলোর কথা শুনে মনে হচ্ছে ভিডিওতে প্রতিপক্ষের খেলা দেখে কাটাছেঁড়া করাটা বোধ হয় এই বিশ্বকাপেই প্রথম শুরু হলো।’
দেখেশুনে মনে হচ্ছে, ব্রাজিলিয়ানদের মন জয় করতে কনফেডারেশনস কাপের মতো পারফরম্যান্স চাই। সেটি কেন হচ্ছে না, তার ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে। কনফেডারেশনস কাপে পাঁচ ম্যাচের তিনটিতেই ১০ মিনিটের মধ্যে গোল পেয়ে গিয়েছিল ব্রাজিল। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেছিলেন নেইমার, স্পেনের বিপক্ষে ফাইনালেও তৃতীয় মিনিটেই ফ্রেড। যে কারণে নির্ভার নেইমাররা মেলে ধরতে পেরেছিলেন নিজেদের।
আজ ক্যামেরুনের বিপক্ষেও ব্রাজিলের চাওয়া থাকবে তাই একটাই—শুরুতেই গোল। ও হ্যাঁ, আর একটা চাওয়াও আছে। নেইমার বা থিয়াগো সিলভা যেন আবার হলুদ কার্ড দেখে না বসেন! প্রথম দুই ম্যাচেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেলে এই ঝুঁকি এড়াতে হয়তো এই দুজনকে বিশ্রামই দিয়ে দিতেন স্কলারি। মেক্সিকোর বিপক্ষে ড্র সেই বিলাসিতার সুযোগ রাখেনি। এই ভয়কে সঙ্গী করেই তাই মাঠে নামছে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে এঁদের কাউকে হারিয়ে ফেললে তো সর্বনাশ। সেখানে প্রতিপক্ষ হল্যান্ড বা চিলি, তা মাঠে নামার আগেই জেনে যাবে ব্রাজিল। অস্বস্তিটা তাতে কমবে বলে মনে হয় না। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল হল্যান্ডই। আর এবার তো স্কলারি আগেই বলে রেখেছিলেন, স্পেন-হল্যান্ড হলেও আপত্তি নেই, কিন্তু দ্বিতীয় রাউন্ডে যেন চিলির মুখোমুখি হতে না হয়।
থিয়াগো সিলভা-নেইমারকে আজ তাই গোল ঠেকানো বা গোল করায় যেমন মন দিতে হবে; মনে রাখতে হবে হলুদ কার্ডের চোখরাঙানিও। নেইমারের কাঁধে এরই মধ্যে অনেক বোঝা, সেই বোঝার ওপর শাকের আঁটি চাপিয়ে দেওয়ার কাজটাও করছেন অনেকে। গত পরশু মিরোস্লাভ ক্নোসা বিশ্বকাপে রোনালদোর সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। রোনালদো সবার আগে ক্লোসাকে অভিনন্দন জানালেও ‘কোথায় রোনালদো আর কোথায় ক্লোসা’ এই ভেবে বিরক্ত অনেক ব্রাজিলিয়ান। তাঁদেরই একজনের সঙ্গে দেখা হলো ব্রাসিলিয়া এয়ারপোর্টে। ব্রাজিলের খেলা দেখতেই ব্রাসিলিয়ায় হলুদ জার্সি পরা রিওর তরুণ। ‘কোনো সমস্যা নেই। ক্লোসা রোনালদোর রেকর্ড ভাঙবে, ২০২২ বিশ্বকাপে নেইমার সেই রেকর্ড ভেঙে দেবে’—এমন ভঙ্গিতে বললেন যেন সাক্ষাৎ নস্ট্রাডামুস।
বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ডের একটি ফুটবল সাময়িকীর বিশেষ সংখ্যায় শুরুতেই রোনালদোর একটা লেখা ছিল। যাতে রোনালদো মজা করে লিখেছিলেন, ক্লোসা ছাড়া সবাইকে তিনি ব্রাজিলে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। ক্লোসা তার পরও এসেছেন এবং নেইমারের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন নতুন একটা মোক্ষধামও।
আরে, ওই তরুণ দেখি ভালোই প্রভাববিস্তারী। বিশ্বকাপে যাঁর মাত্র দুই গোল, ১৫ গোলের রেকর্ডে তাঁকে নিয়েই আলোচনা! নেইমার শুনলে নিশ্চিত হাসবেন। স্কলারি তাচ্ছিল্যভরে উড়িয়ে দেবেন প্রসঙ্গটা। আজ কোনো বর চাওয়ার সুযোগ পেলে ও সব কিছু নয়, স্কলারি একটা জিনিসই হয়তো চাইতেন—ব্রাসিলিয়া শহরটা যেমন পরিকল্পনা করে বানানো হয়েছে, ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটাও যদি তেমন ইচ্ছামতো সাজানো যেত!