এশিয়ার দ্বিতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপে জয় নিয়ে মাঠ ছাড়ল জাপান। ‘ই’ গ্রুপের ম্যাচে আফ্রিকার ‘অদম্য সিংহ’ হিসেবে খ্যাত ক্যামেরুনকে তারা হারিয়েছে ১-০ গোলে। খেলার ৩৯ মিনিটের সময় ১৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিউসুকে হোন্ডার দেওয়া গোলে জাপান তুলে নেয় চমত্কার এক জয়।স্যামুয়েল ইতোর শক্তিতে ভাস্বর ক্যামেরুন দর্শকদের হতাশই করেছে। বিশ্বখ্যাত তারকা স্যামুয়েল ইতোকে পুরো ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। একটি মুহূর্তও বলা যাবে না, যেখানে দর্শকেরা স্যামুয়েল ইতোর একটি ভালো ‘মুভ’ দেখে আনন্দিত হয়েছেন।জাপানও যে খুব একটা আক্রমণ করে খেলেছে, এ কথা বলা যাবে না। ৩৯ মিনিটে গোলের আগে পর্যন্ত পুরো খেলাটিই মাঝমাঠে সীমাবদ্ধ ছিল। দুই দল বিক্ষিপ্তভাবে একে অন্যের গোল সীমানায় হানা দিলেও সত্যিকারের গোলের সুযোগ কেউই তৈরি করতে পারেনি।ক্যামেরুনের আক্রমণভাগের খেলোয়াড়েরা পুরো খেলাতেই বল নিয়ে প্রতিটি ক্ষেত্রেই জাপানের রক্ষণভাগের কাছে জমা দিয়েছেন।খেলা শুরুর ১০ মিনিটের মাথায় অবশ্য গোলের মোটামুটি একটি সুযোগ তৈরি করতে পেরেছিল। বেনোয়েত আসু একাতোর বাঁকানো ফ্রি-কিক থেকে জাপানের গোলরক্ষক সেইগো নারাকোজি পুরোপুরি পরাস্ত হলেও ক্যামেরুনের কোনো আক্রমণভাগের খেলোয়াড় না থাকায় তা গোলে পরিণত করতে পারেনি দলটি।খেলার ৩৯ মিনিটের সময় জাপানের কিউসুকে হোন্ডা চমত্কার একটি গোলে জাপানকে এগিয়ে নেন। তুলিও তানাকার ক্রস থেকে ক্যামেরুনের গোলরক্ষক হামিদু সুলেমানু পরাস্ত হলে পোস্টের খুব কাছ থেকে হোন্ডা টোকা দিয়ে জালে জড়িয়ে দেন।খেলার দ্বিতীয়ার্ধে ক্যামেরুন কিছুটা আক্রমণ করে খেলার চেষ্টা করতে থাকে। কিন্তু শেষার্ধে তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে শেষদিকে দুর্ভাগ্য ক্যামেরুনকে পেয়ে বসেছিল। ক্যামেরুনের স্টেফানে এমবিয়ার শট জাপানের ক্রসবারে লেগে ফিরে আসে। খেলার একদম অন্তিমলগ্নে পিয়েরে অ্যাকিলি ওয়েবোর শট জাপানের গোলরক্ষক ইজি কাওয়াশিমা ঝাপিয়ে পড়ে রক্ষা করলে ক্যামেরুন মাথা হেড করেই মাঠ ছাড়ে।