ক্যামেরুনের কাছে আমলার হার
শেন ওয়াটসনের ক্যাচ ফেলার মূল্য হেরেই দিল দক্ষিণ আফ্রিকা। পরশু কেপটাউনে প্রথম টি-টোয়েন্টিতে অভিষিক্ত পেসার প্যাট্রিক কামিন্সের ৩ উইকেট ও শেন ওয়াটসনের হাফ সেঞ্চুরিতেই ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। অথচ ১৪৭ রানের লক্ষ্যে ছোটা অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল বাজে। ইনিংসের শুরুতেই মুখোমুখি হওয়া প্রথম বলে রানআউট ডেভিড ওয়ার্নার। পরে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ওয়াটসনের বেঁচে যাওয়া। মরনে মরকেলের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ওয়াটসন। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের মুঠো গলে চার। পরের বলে আবার চার। মাত্র ৩৪ বলেই ৫০ ছুঁয়েছেন ছয় ৪ ও দুই ছয়ে ৩৯ বলে ৫২ করা ওয়াটসন।পরপর দুই ওভারে ওয়াটসন ও শন মার্শকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন প্রোটিয়া বোলাররা। কিন্তু সব সময়ই প্রয়োজনীয় রানরেটের চেয়ে এগিয়ে থাকা সফরকারীদের তাতে কোনো সমস্যা হয়নি। তিন বল হাতে রেখেইে জয় পায় তারা।এর আগে জেপি ডুমিনি ৬৭ রানের দারুণ এক ইনিংস খেললেও ৬ উইকেটে মাত্র ১৪৬ করতে পারে স্বাগতিক দল। অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী ফাস্ট বোলার কামিন্স ১৯তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ডুমিনি ও মিলারকে ফিরিয়ে দেওয়ার পর শেষ বলে আউট করেন বোথাকে।অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্যামেরন হোয়াইট ম্যাচ শেষে বলেছেন, ‘কষ্টে হলেও জয় দিয়ে শুরু করাটা দারুণ ব্যাপার।’ অন্যদিকে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারাকেই বড় করে দেখেছেন আমলা। আগামীকাল জোহানেসবার্গে হবে শেষ টি-টোয়েন্টি। এএফপি।