ক্যামেরুনের গড়াপেটার খবর 'ভুয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে ম্যাচ পাতিয়েছেন ক্যামেরুনের খেলোয়াড়েরা— জার্মান সাময়িকী দার স্পেইগেল-এর তথ্য নাকি ‘ভুয়া’!
বিশ্বকাপে ম্যাচ পাতিয়েছেন ক্যামেরুনের খেলোয়াড়েরা— জার্মান সাময়িকী দার স্পেইগেল-এর তথ্য নাকি ‘ভুয়া’!

বোমা ফাটানোর মতো খবরটা প্রকাশ করেছিল জার্মান সাময়িকী দার স্পেইগেল। বিশ্বকাপে ম্যাচ পাতিয়েছেন ক্যামেরুনের খেলোয়াড়েরা! তবে যার বক্তব্যের সূত্র ধরে খবরটা প্রকাশ করা হয়েছিল, সেই অভিযুক্ত জুয়াড়ি উইলসন রাজ পেরুমাল দাবি করেছেন, খবরটি সত্যি নয়। তিনি অভিযোগ করেছেন, তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে জার্মান সাময়িকীটি ।

স্পেইগেল-এর খবরে বলা হয়েছিল, সিঙ্গাপুরের বাজিকর পেরুমাল ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচের আগেই তাদের জানিয়েছিলেন, ক্রোয়েশিয়ার কাছে ৪-০ গোলে হারবে ক্যামেরুন। ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড খেয়ে বের হয়ে আসবেন ক্যামেরুনের একজন খেলোয়াড়। সত্যি সত্যি ওই ম্যাচে ৪-০ গোলে হারে ক্যামেরুন, ৪০ মিনিটের মাথায় মারিও মানজুকিচকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ক্যামেরুনের অ্যালেক্স সং।

এদিকে, স্পেইগেল-এর প্রতিবেদনে নাম আসা সাত খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তেও নেমেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন। তবে যে জুয়াড়ির কথার সূত্র ধরে এই তদন্তের আয়োজন, তিনি যেহেতু এখন ভিন্ন কথা বলছেন, তাই সেই তদন্ত কত দূর কী হবে, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জুয়াড়ি আবার এ ব্যাপারে ক্ষমাও প্রার্থনা করেছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের কাছে।

এই পেরুমাল ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১১ সালে জেলও খেটেছিলেন। তিনি ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে জানিয়েছেন। তবে সেই ভবিষ্যদ্বাণীগুলো সঠিক হয়নি।
ক্যামেরুন দল নিয়ে তাঁর প্রকাশিত ধারণা একেবারেই অনানুষ্ঠানিক বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এই অনানুষ্ঠানিক ধারণাও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, ‘ম্যাচের কয়েক দিন পর দার স্পাইজেল-এর সাংবাদিকের সঙ্গে ফেসবুক চ্যাটে আমার কথা হয়েছিল। ওই ম্যাচ সম্পর্কে আমি আমার মতামত দিয়েছিলাম। কখনোই বলিনি, ক্যামেরুনের কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার বক্তব্যের ভিত্তিতে ম্যাচ ফিক্সিংয়ের প্রসঙ্গ টানা বুদ্ধিমানের কাজ নয়।’

জার্মান সাময়িকী স্পেইগেল অবশ্য আগের বক্তব্যেই অটল রয়েছে। স্পেইগেল কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে, ‘আমাদের দাবির সপক্ষেই অটল আছি আমরা। ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচের আগেই পেরুমাল ফেসবুক চ্যাটে আমাদের জানিয়েছিলেন, ক্রোয়েশিয়ার কাছে ৪-০ গোলে হারবে ক্যামেরুন। ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড খেয়ে বের হয়ে আসবেন ক্যামেরুনের একজন খেলোয়াড়। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।’