ক্যামেরুনের বিপক্ষেই ফিরছেন আরিয়েন রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরে ধীরে ইনজুরি কাটিয়ে উঠছেন ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেন। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বিশ্বকাপ খেলাটাই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল হল্যান্ড দলের অন্যতম সেরা এই প্লে মেকারের। তবে ডাচ কোচ মারউইকের পূর্ণ আস্থা ছিল রোবেনের ওপর। রোবেনকে তিনি দলে রেখেছিলেন, ইনজুরিমুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। মারউইকের মুখে হাসি ফুটিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেই মাঠে নামছেন তিনি। রোবেন জানিয়েছেন ক্যামেরুনের বিপক্ষে খেলার সম্ভাবনার কথা, ‘ক্যামেরুনের সঙ্গে আমার খেলার সম্ভাবনা যথেষ্টই। তবে কিছুটা ঝুঁকি রয়েই যাচ্ছে। ঝুঁকি অবশ্য আমি আগেই নিয়েছি। এবারের ইনজুরির চিকিত্সাটা ছিল বেশ কড়া। না হলে আমি হয়তো হল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় না থেকে বাড়িতে বসে বিশ্বকাপ উপভোগ করতাম।’৫ জুন হাঙ্গেরির বিপক্ষে হল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আরিয়েন রোবেন হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। তবে সে সময় রোবেনকে হল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ না দিয়ে ১৮ দিন মেয়াদি চিকিত্সার অধীনে নিয়ে আসা হয়। সে সময়ই চিকিত্সকেরা জানিয়ে দিয়েছিলেন ১৮ দিনের মাথায় রোবেন পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারবেন। কাল ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের দিন রোবেনের চিকিত্সার ১৯ দিন পূর্ণ হতে চলেছে। ডাচ কোচ মারউইক অবশ্য জানিয়েছিলেন, রোবেনকে সরাসরি দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই মাঠে নামানো হবে। এখন অবশ্য দ্বিতীয় রাউন্ডের আগেই নিজের ইচ্ছাতেই রোবেন মাঠে ফিরছেন। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এবারের মৌসুমটি ছিল বেশ পয়মন্ত। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেস লিগার শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি আর জেতাতে পারেননি এই ডাচ ফরোয়ার্ড।বিশ্বকাপে নিজেকে মাঠে নামার জন্য মুখিয়েই আছেন আরিয়েন রোবেন। ‘বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ সাইডলাইনে কাটিয়ে দেখেছি, বসে থাকাটা কতটা বিরক্তিকর। তবে মাঠে নামতে হলে আপনাকে শতভাগ ফিটনেস ফিরে পেতে হবে।’ বলছিলেন তিনি।মাঠে নামার আগে অবশ্য রোবেনকে কঠিন ফিটনেস পরীক্ষাই দিতে হয়েছে। তিনি বলেছেন, ‘এ কঠিন ইনজুরির পর আমি মাঠে নামতে এখন প্রস্তুত। আশা করি, নতুন করে এ ধরনের দুর্ভাগ্যের শিকার আমি হব না।’