ক্যামেরুনের ভরসার কেন্দ্রে স্যামুয়েল ইতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে খেলতে এসেছিলেন ক্যামেরুনের স্যামুয়েল ইতো। আজ এই ১২ বছরের পথপরিক্রমায় বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা তিনি। বিশ্বের সেরা ১০ জন ফুটবলারের নাম নিতে গেলে ইতোর নাম উঠে আসে স্বয়ংক্রিয়ভাবেই। এবারের বিশ্বকাপে ক্যামেরুন বাছাইপর্বের বাধা ডিঙিয়ে এসেছে স্যামুয়েল ইতোর কল্যাণেই। মূলপর্বে তাই ক্যামেরুনের কাণ্ডারির ভূমিকাতেই দেখা যাবে স্যামুয়েল ইতোকে। ১৯৯০ সালের বিশ্বকাপের পর ক্যামেরুন যতবারই বিশ্বকাপ খেলতে এসেছে ততবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। এবার ইতোর সামনে সুযোগ এসেছে নিজেকে রজার মিলা কিংবা ওমাম বিয়িকের কাতারে নিয়ে যাওয়ার। অমর হয়ে থাকার ক্যামেরুনের ফুটবল ইতিহাসে।কোচ পল লি গুয়েন তাই ইতোর কাঁধে ভর দিয়েই বিশ্বকাপ অভিযানে নামার সাহস করছেন, রয়টার্সকে ক্যামেরুনের এই কোচ বলছেন, ‘আগের সব ব্যর্থতা ভুলে যেতে চাই আমরা। আর এ কাজে ইতো আমাদের সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। ইতোর দিনে ক্যামেরুনের পক্ষে অনেক কিছুই করা সম্ভব।’