ক্যাম্পে অনুপস্থিত ৯ খেলোয়াড়
হকি ক্যাম্পে খেলোয়াড়দের রিপোর্ট করার কথা ছিল বিকেল ৪টার মধ্যে। কিন্তু হরতালের কারণে অনেকেই ঠিক সময়ে আসতে পারেননি। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে বিকেএসপিতে কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করেছেন ২৪ জন খেলোয়াড়। বাকি নয়জন খেলোয়াড় যোগ দেবেন পরে। নৌবাহিনীর পাঁচ খেলোয়াড়—মনোয়ার হোসেন, মামুনুর রহমান (চয়ন), তাপস বর্মণ, বেলাল হোসেন ও কৃষ্ণ কুমার এখনো ছুটি পাননি। তবে মোবাইল ফোনে তাঁরা কোচকে জানিয়েছেন, ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্যাম্পে যোগ দেবেন। সেনাবাহিনীর ছয়জনের দুজন এখন আছেন ট্রেনিংয়ে—সাব্বির রানা ও মিলন হোসেন। আর জার্মানিতে লিগ খেলছেন রাসেল মাহমুদ (জিমি) ও মশিউর রহমান (বিপ্লব)। ফেডারেশনের অনুমতি নিয়েই তাঁরা ইউরোপে খেলতে গেছেন। এঁরা ক্যাম্পে যোগ দিতে পারেন ৩০ জুন দেশে ফেরার পর। আজ শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। আগামী ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর মালয়েশিয়ায় হবে এশিয়া কাপ হকি।