ক্যাম্পে গেলেন জিমিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সাতসকালে চলে এলেন রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান। সদ্য নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে ফিরতে চার হকি খেলোয়াড়কে দিতে হলো ফিটনেস টেস্ট। প্রায় দেড় বছর খেলার বাইরে থাকা এই খেলোয়াড়দের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে দৌড়ানোর পরীক্ষা নিলেন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। তবে কোচকে খুব একটা খুশি করতে পারেননি তাঁরা।
বিকেএসপিতে গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন নিষেধাজ্ঞা থেকে ফেরা চার খেলোয়াড়ই। ১০ দিন পর আবার নেওয়া হবে ফিটনেস টেস্ট। জানুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের চূড়ান্ত দলে জায়গা পেতে তাঁদের তৈরি হতে হবে আগে। জাতীয় দলের সহকারী কোচ মামুনুর রশীদ সেটিই বললেন, ‘ওদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। কিন্তু অনেক দিন ওরা খেলার মধ্যে নেই। এখন দলের প্রতিটি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, দলে জায়গা পেতে তাই লড়াই করতে হবে।’
জিমি অবশ্য লড়াই করেই ফিরতে চান দলে। জাতীয় দলের জার্সি গায়ে তুলতে আত্মবিশ্বাসী এই স্ট্রাইকার, ‘যেহেতু ক্যাম্পে ডাক পেয়েছি, এখন প্রত্যাশা জাতীয় দলে ফেরার। সব সময় দেশের জন্য খেলেছি। আগে যে ভুল করেছি, তা আর করতে চাই না।’