ক্যাম্পে ফিরছে খুশিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে এল সেই কাঙ্ক্ষিত ঘোষণা। আগামী মৌসুমের দলবদলের তারিখ ঘোষণা হওয়ার পর আন্দোলনরত খেলোয়াড়েরা যেন চাঁদ হাতে পেলেন। বাইরে অলস সময় কাটানো খেলোয়াড়েরা মাঠে ফিরতে উন্মুখ। খুশি মনেই আজ এসএ গেমসের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন বিভিন্ন ক্লাবের খেলোয়াড়েরা।

জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি যদিও সপ্তাহ খানেক সময় নিয়েছেন ফেডারেশনের কাছ থেকে। মায়ের অসুস্থতার কারণে এ মুহূর্তে চিকিৎসকের পেছনেই ছুটতে হচ্ছে। এমন দুঃসময়ে দলবদলের ঘোষণাটা একটু হলেও তাঁর জন্য আনন্দের উপলক্ষ হয়ে এসেছে, ‘শেষ পর্যন্ত দলবদলের তারিখ ঘোষণা করেছে ফেডারেশন। এবার মাঠে ফিরতে পারব, ভেবেই ভালো লাগছে। আসলে ফেডারেশনে কে এলেন, কে গেলেন সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা খেলতে চাই, নিয়মিত দলবদল চাই। সময়মতো যেন লিগ মাঠে গড়ায় এখন সেটাই চাইব।’

অবশ্য লিগ শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে একটু অসন্তুষ্ট জিমি, ‘দলবদল আরও আগে দিলে ভালো হতো। ক্লাব কাপ শেষ করে ডিসেম্বরেই লিগটা শুরু করা যেত। তাহলে অন্তত এক বছর এগিয়ে থাকতাম আমরা। এই বছরের লিগটা নষ্ট হতো না।’

আবাহনীর ফরোয়ার্ড পুষ্কর খীসা মিমো মাঠে ফিরতে মুখিয়ে আছেন, ‘আমাদের রুটি-রুজির একমাত্র পথ দলবদল। অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছিলাম। খেলা ছেড়ে বাইরে বসে থাকতে মোটেও ভালো লাগত না। অবশেষে দলবদল পাচ্ছি। এসএ গেমসের ক্যাম্পেও যোগ দেব দ্রুতই।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বর্তমানে নৌবাহিনীর খেলোয়াড়। প্রিমিয়ার লিগের দলবদলে অংশ নেওয়ার সুযোগ নেই তাঁর। কিন্তু সতীর্থদের দুঃখ এত দিন ছুঁয়ে গিয়েছিল। কাল দলবদলের তারিখের ঘোষণা আসতেই চয়নও আনন্দিত, ‘এই সংবাদ শোনার পর থেকে খুবই ভালো লাগছে। একজন খেলোয়াড় হিসেবে আমি জানি আমার সতীর্থদের অবস্থা কেমন। কতটা কষ্টে ওরা দিন কাটাচ্ছে। ওদের আর্থিক অবস্থাও খুব খারাপ। এখন দলবদলের নতুন তারিখ দিয়েছে ফেডারেশন, যেন এই তারিখ আর পেছানো না হয়। অনেকে ঢাকায় থেকে পড়াশোনা করে। হকি খেলে নিজের খরচ চালায়। ওদের সমস্যাটা হয়তো মিটে যাবে। আশা করি এবারের লিগটাও অনেক জমজমাট হবে।’