ক্যাম্পে যোগ দিচ্ছেন হকি খেলোয়াড়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন হকি খেলোয়াড়েরা। ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর আশ্বাসে এশিয়া কাপের ক্যাম্পে যোগ দেবেন জাহিদ, জিমি, চয়নরা। কাল ফেডারেশনের অস্থায়ী কমিটির বিদায়ী সভায় খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যসহ ২২ জন খেলোয়াড় দেখা করেন সভাপতির সঙ্গে। খেলোয়াড়দের দাবিগুলো বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন সভাপতি।খেলোয়াড়দের নির্বাচনী রাজনীতির দাবার ঘুঁটি না হওয়ার পরামর্শ দিয়ে সভাপতি বলেন, ‘খেলোয়াড়দের কাজ খেলা। তাদের কাজ খেলার মাঠে। দেখতে হবে হকির স্বার্থে আমরা যেন অন্য কিছুর সঙ্গে জড়িয়ে না পড়ি।’ সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন সভাপতির কথায় খুশি, ‘স্যারের সঙ্গে দেখা করে আমাদের সমস্যাগুলো জানিয়েছি। উনি বুঝতে পেরেছেন। বলেছেন, তোমাদের কাজ খেলা। আর অভিভাবক হিসেবে তোমাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমার। এখন আমরা ক্যাম্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আগামীকাল বিকেএসপিতে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প।খেলোয়াড়দের নিয়ে জটিলতার অবসান হলেও দলবদল নিয়ে সংশয় দূর হয়নি। ২-৪ জুলাই দলবদলের তারিখ ঘোষণা হলেও এতে ছয়টি ক্লাব অংশ নেবে না বলে অনড়। জাতীয় ক্রীড়া পরিষদ কোটার পাঁচজন কাউন্সিলর বাতিলের দাবিতে মোহামেডান, মেরিনার্স, অ্যাজাক্স, ওয়ারী, ভিক্টোরিয়া ও বাংলাদেশ স্পোর্টিং হকির সব কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে হকির বৃহত্তর স্বার্থে সবাইকে দলবদলের সহযোগিতার অনুরোধ করেছেন সভাপতি।কাল কার্যনির্বাহী কমিটি গত বাংলাদেশ গেমসে আম্পায়ারের গায়ে হাত তোলায় খেলোয়াড় ইমরান হাসান ও শহীদুল্লাহ খোকনকে এক লাখ টাকা করে জরিমানা করেছে। ভারতের রাজিন্দর সিং, হারিন্দর সিং ও পাকিস্তানের নাভিদ আলমের সঙ্গে যোগাযোগ করে তাঁদের একজনকে বাংলাদেশের কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।এটিএন বাংলার সঙ্গে চুক্তি: হকির উন্নয়নে এটিএন বাংলা কাল একটি চুক্তি করেছে ফেডারেশনের সঙ্গে। পাঁচ বছরে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য ফেডারেশনকে এক কোটি টাকা দেবে প্রতিষ্ঠানটি।