ক্যাম্পে যোগ দিলেন রিয়াসাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াসাত খাতন
রিয়াসাত খাতন

আরও আগেই তাঁর ঢাকায় আসার কথা ছিল। কিন্তু নানা কারণে আসতে একটু দেরিই হলো। অবশেষে গত রাতে ঢাকায় এসে জাতীয় দলের সাফ ক্যাম্প যোগ দিলেন জার্মানিপ্রবাসী বাংলাদেশি ফুটবলার রিয়াসাত খাতন। ১৯৮৯ সালে জন্ম ঢাকায়। মাত্র ৫ বছর বয়সে মা-বাবার সঙ্গে জার্মানি পাড়ি দেয় শিশু রিয়াসাত। বর্তমানে খেলছেন জার্মানির চতুর্থ বিভাগের দল ক্লোপেন বার্গে, এটি ক্লোপেন বার্গ শহরেরই দল। বছর দেড়েক চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। মাস তিনেক চোটমুক্ত হয়ে ফিরেছেন ফুটবলে। বাংলাদেশে আসার উদ্দেশ্য পরিষ্কার, খেলতে চান লাল-সবুজ জার্সি গায়ে। যে স্বপ্ন নিয়ে এখন জাতীয় দলের ক্যাম্পে আছেন ডেনমার্কপ্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। অবশ্য একই লক্ষ্য নিয়ে এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে এসে ফিরেও গেছেন সিডনিপ্রবাসী আনন্দ রহমান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ফারহান খান।রিয়াসাত টিকে থাকতে পারবেন কি না, কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে। তবে তাঁর কথাবার্তায় মনে হলো, সাফ দলে সুযোগ পাওয়ার ব্যাপারে এখনই খুব আত্মবিশ্বাসী হতে চান না। কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরেই আপাতত দুই সপ্তাহের জন্য ঢাকায় আসা, এখন তাঁর নজর কাড়ার চেষ্টা করবেন। টিকে গেলে ক্লাব থেকে ছুটি নিতে পারবেন বলে জানালেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কে অল্পবিস্তর জেনেছেন। সেই জানাটা ভিন্ন উপায়ে, ‘আমার কিছু আফগান বন্ধু জার্মানিতে খেলে। ওরা বাংলাদেশ সম্পর্কে জানে, ওদের কাছ থেকেই বাংলাদেশের ফুটবল নিয়ে ধারণা পেয়েছি।’ খেলেন মাঝমাঠে। গোল বানানো তাঁর কাজ। তবে কাল বাফুফে ভবনে জানালেন, গোল করার ঝোঁকটাই তাঁর বেশি, ‘দূরপাল্লার শটে গোল করতে পছন্দ করি আমি। সে রকম বেশ কিছু গোল আছে আমার।