ক্যাম্পে যোগ দেবেন না বিউটি!
আগামী এসএ গেমসের প্রস্তুতির জন্য গত ১৪ নভেম্বর অনুশীলন ক্যাম্প শুরু করে অ্যাথলেটিকস ফেডারেশন। আবাসিক এই অনুশীলন ক্যাম্পের ১১ জনের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির। তবে কাল আবারও নতুন করে নয়জন অ্যাথলেটকে ক্যাম্পে ডেকেছে ফেডারেশন। এর মধ্যে তিনিও আছেন। কিন্তু এবার ক্যাম্পে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশসেরা স্প্রিন্টার।ইনজুরি ও অসুস্থতার কারণে মাঝে বেশ কিছুদিন অ্যাথলেটিকস থেকে দূরে ছিলেন নাজমুন নাহার বিউটি। আপাতত তিনি সুস্থ। খুলনায় কাল শেষ হওয়া বিজেএমসির বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৪০০ মিটারে সোনা জিতলেও ১০০ ও ২০০ মিটারে জিতেছেন রুপা। ক্যাম্পে যোগ দেওয়া নিয়ে বিউটির কথা, ‘ফেডারেশন কর্মকর্তারা আমাকে আগেই বলেছিলেন আমি বুড়িয়ে গেছি। এ জন্য তাঁরা নাকি নতুন মুখও খুঁজছেন। তাহলে আবার আমাকে কেন? আমি এখন ক্যাম্পে যোগ দেব না। দেখি নতুন মুখ উঠে আসে নাকি। ওদের সুযোগ করে দিতে চাই।’ ফেডারেশন থেকে চিঠিও পাননি বিউটি। বিউটির সঙ্গে নতুন করে ডাক পেয়েছেন—সেনাবাহিনীর স্প্রিন্টার আজহারুল ইসলাম, লং জাম্পার ফিরোজ সরকার, হার্ডলার মুজিবুর রহমান, নৌবাহিনীর লং জাম্পার ইসমাইল হোসেন, স্প্রিন্টার গোলাম মুর্তজা, বিজিবির আসাদুল ইসলাম, বিজেএমসির স্প্রিন্টার মুক্তা বেগম এবং আনসারের হার্ডলার জেসমিন আক্তার।