ক্যাম্পেস 'দুঃখিত'
অতি উৎসাহী হয়ে গলা মিলিয়েছিলেন ডগ ওয়াল্টার্সের সঙ্গে। সমালোচনা করেছিলেন ফাওয়াদ আহমেদের। সেই সমালোচনার প্রবল সমালোচনায় অবশেষে বোধোদয় হলো ডেভিড ক্যাম্পেসের। ফাওয়াদকে নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার সাবেক রাগবি তারকা।
বিতর্কের সূত্রপাত ফাওয়াদ অস্ট্রেলিয়ার টিম স্পন্সর ভিবি বিয়ারের লোগো-সংবলিত পোশাক গায়ে চাপাতে আপত্তি করায়। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়াল্টার্সের মন্তব্যের সূত্র ধরে ক্যাম্পেস টুইট করেছিলেন, ‘পাকিস্তানি বংশোদ্ভূত ফাওয়াদ আহমেদকে ডগ ওয়াল্টার্স বলছেন: তুমি যদি ভিবি ইউনিফর্ম পছন্দ না করো, তাহলে অস্ট্রেলিয়ার হয়ে খেলো না। ভালো বলেছ ডগ। ওকে বলে দাও দেশে ফিরে যেতে।’
ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এই মন্তব্যের তীব্র সমালোচনা করে। সমালোচনা হয় সাধারণ্যেও। হাওয়া বৈরী বুঝে কাল ক্যাম্পেস টুইট করেন, ‘আমার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। এটি শুধু খেলা নিয়েই ছিল, ধর্ম এখানে কখনোই ছিল না বা থাকবে না। আমাকে যারা চেনে, সবাই এটি বুঝতে পারবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকেও ফোন করে দুঃখ প্রকাশ করব ও বার্তাটা জানাব। খেলায় দল ও দলীয় প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ, এটিই ছিল আমার বক্তব্য। আবারও দুঃখিত।’ এএফপি।