ক্যারমে প্রত্যাশার জাল
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন জাহাঙ্গীর হোসেন। অবসর পেলে টুকটাক ক্যারম খেলেন। শৌখিন এই খেলোয়াড় কাল ছিলেন ভীষণ ব্যস্ত। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স জাতীয় ক্যারমে নিজে তো খেলছেনই, আবার অন্যদেরও বিভিন্নভাবে সাহায্য করছেন স্বেচ্ছাসেবক হিসেবে। দক্ষিণ এশীয় ক্যারমের সবচেয়ে বড় প্রতিযোগিতা সার্ক ক্যারমে সোনা জেতা একমাত্র বাংলাদেশি তিনি। জিতেছিলেন ২০০৩ সালে। ২০০২-এ জাতীয় চ্যাম্পিয়ন। এবারও খেলেছেন মিশ্র দ্বৈতে। ফাইনালে হেরে গেছেন। ব্যুরো মানিকগঞ্জ ক্লাবের হয়ে তাঁর সঙ্গী ছিলেন শম্পা খাতুন। এই ইভেন্টে চ্যাম্পিয়ন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মনিরুল হক ও শামসুন নাহার। তবে হেরেও ততটা হতাশ নন জাহাঙ্গীর।দেশের অপ্রধান এই খেলাকে নিয়ে অনেক স্বপ্ন জাহাঙ্গীরের, ‘আমরা আসলে এই খেলাটাকে জনপ্রিয় করতে চাই। এখানে পৃষ্ঠপোষকতার অভাব ভীষণ। ভারতে যেমন ভালো রেজাল্ট করলেই তাদের চাকরি দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কেউ এটাকে পেশা হিসেবে নিতে পারেন না। আমরাই তো চাকরির ফাঁকে ফাঁকে অবসরে ক্যারম খেলি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে আরও খেলোয়াড় ক্যারমে আসবে।’ একই প্রত্যাশা সাতক্ষীরার খেলোয়াড় ফারহানা প্রীটির। বড় বোন ফারজানা বানুকে নিয়ে মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হলেও এককে হেরেছেন বড় বোনের কাছেই। ক্রীড়ামনস্ক পরিবার থেকে আসা প্রীটি বললেন, ‘ক্যারম অনেক এগিয়েছে। সাত বছর আগে আমি প্রথম যেবার খেলি সেবার মাত্র কয়েকজন মেয়ে অংশ নিয়েছিল। সেই তুলনায় গত কয়েক বছরে অনেক মেয়ে এখানে আসছে।’ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল কাদেরের বিশ্বাস অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্যারম বিশ্বে একটা জায়গা করে নেবে, ‘দক্ষিণ এশিয়াতে ভারত, শ্রীলঙ্কার পরই আমাদের স্থান। ২০০৭-এর বিশ্বকাপে তৃতীয় হয়েছিলাম। আমাদের খেলোয়াড়দের উন্নতি হচ্ছে। বিদেশি কোচের মাধ্যমে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দিতে পারলে তারা বিশ্বসেরাদের টেক্কা দিতে পারবে। এ জন্য সবার আগে চাই পৃষ্ঠপোষকতা।’