ঘরে বসে টিভিতে বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর বিশ্ব কাঁপানো উদ্বোধনী অনুষ্ঠানটি দর্শনের পর বঙ্গবন্ধু স্টেডিয়াম ও গুলিস্তান এলাকার আলোকসজ্জা দেখতে গিয়েছিলাম। আগের রাতে মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম এলাকাটি দেখে এসেছি। হাজার হাজার দর্শনার্থীর সঙ্গে মিলে খুব আনন্দ করেছি। প্রচুর ছবি তুলেছি। ঢাকা শহরটা এর আগে এ রকম গরবিনী রূপে আর কখনো দেখিনি। নান্দনিকতার সঙ্গে ঐশ্বর্যের অপূর্ব সমন্বয়ে নবরূপপ্রাপ্ত এই মহানগরীকে দেখে মনে হলো—এ রকম সুন্দর শহর পৃথিবীতে খুব বেশি নেই। গর্বে বুকটা ভরে গেল। টিভিতে সরাসরি সম্প্রচার তখন ছিল না বলে প্রথম কয়েকটি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে পাইনি। পরে যে কটি উদ্বোধনী অনুষ্ঠান দেখেছি, তার মধ্যে ঢাকাই যে সব দেশের সেরা, এ ব্যাপারে কোনোই সন্দেহের অবকাশ নেই। এটা এখন আর আপন দেশমুগ্ধ কোনো কবির কল্পনা নয়, আইসিসির সভাপতি শারদ পাওয়ারও সে কথা সানন্দে বলেছেন। ঢাকায় হয়ে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি দেখে আমার মনে হয়েছে, ক্রিকেট নয়, ক্রিকেটের সীমানা ছাড়িয়ে, ঢাকার হাত ধরে বিশ্বকাপ ক্রিকেট এবার যেন বিশ্বকাপ ফুটবলের সীমানাকেই স্পর্শ করল। দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া বিশ্বকাপ ফুটবল ২০১০-এর প্রভাবের প্রমাণ পেলাম নূর হোসেন স্কয়ারে প্রবেশ করেই। ‘ভুভুজেলা’র কানের পর্দা কাঁপানো আওয়াজ ভেসে এল। আমার ক্রিকেটার ভাগনে ইমন ছিল সঙ্গে। দুই শ টাকা পিস, দামাদামি নাই, ফলে পথে দোকান খুলে বসা ভাসমান ভূতের হাঁকা দামেই দুটো ভুভুজেলা কিনলাম। একটা শ্রীমান ইমনের জন্য, একটা আমার গ্রামের বাড়িতে নির্মিত রামসুন্দর পাঠাগারের সংগ্রহে রাখার জন্য। বিশ্বকাপ ফুটবলের ‘তিক্ত অভিজ্ঞতা’ স্মরণে রেখে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজকেরা স্টেডিয়ামের ভেতরে ভুভুজেলার প্রবেশ নিষিদ্ধ করেছেন। কিন্তু বাইরে বাজাতে মানা নেই। ভুভুুজেলায় ফুঁ দিয়ে বেশ মজা পেলাম। খুব সহজেই বেশ শব্দ হয়। ‘আবার একটা ফুঁ দিয়ে দাও’ নামে আমার একটা কবিতার বই আছে। ওটার কথা মনে পড়ল। আমরা দুজন সদ্য কেনা ভুভুজেলার কর্ণবিদারী শব্দে নগরীর রাজপথ প্রকম্পিত করে কামরাঙ্গীর চরে ফিরে এলাম। রাত তখন একটা প্রায়। পথে পথে তখনো মানুষের ঢল। মনে পড়ল, ১৯৭১ সালে এই স্টেডিয়ামে বসে আমরা একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম। পাকিস্তানের সঙ্গে কার যেন, ঠিক মনে নেই। ১ মার্চ ১৯৭১। পাক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলেন। খবর পেয়ে আমরা ক্রিকেট খেলা পণ্ড করে দিয়ে প্রতিবাদ মিছিল করে বেরিয়ে এসেছিলাম রাজপথে। তখন কোনো বাঙালি পাকিস্তান ক্রিকেট দলে খেলার সুযোগ পেত না। খুব আনন্দ হলো ভাবতে, চল্লিশ বছর পর, সেই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপ ক্রিকেটের এ-যাবৎকালের সবচেয়ে সফল উদ্বোধনী অনুষ্ঠান।ভুভুজেলা নিয়ে দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ থাকলে ভারতের বীরেন্দ্র শেবাগ বাংলাদেশের বিপক্ষে ১৭৫ রান করতে পারত বলে আমার মনে হয় না। আমি মনে করি, ভুভুজেলার সাহায্য ছাড়াই ভারতের ৩৭০ রান তাড়া করে ২৮৩ রান তুলে বাংলাদেশ প্রমাণ করেছে, বাঙালি ক্রিকেট খেলতে জানে, চলমান বিশ্বকাপে সেমিফাইনালে খেলার যোগ্যতা সে রাখে। ধন্যবাদ তামিম, ধন্যবাদ সাকিব আল হাসান। ক্যারি অন।