ক্যারি প্যাকার সিরিজ নিয়ে টনি গ্রেগ
১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কর্তাদের প্রবল বিরোধিতার মুখে শুরু হয় ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট। কিন্তু অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্ক, চ্যানেল নাইনের উদ্যোগে শুরু হওয়া এই প্রতিযোগিতাটিই ক্রিকেট জগতের এক নতুন দিগন্ত উন্মোচিত করে দিয়েছে। যার স্পষ্ট প্রতিফলন আমরা আজকের সময়ে দিব্যি দেখতে পাই। একদিনের ক্রিকেটে রঙিন পোশাক ও সাদা বলের ব্যবহার শুরু হয়েছিল ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট দিয়েই। ফ্লাডলাইটের উদ্ভাসিত আলোয় দিবা-রাত্রির ম্যাচের সঙ্গেও ক্রিকেটপ্রেমীদের পরিচয় ঘটেছিল এই বিদ্রোহী প্রতিযোগিতাটির মাধ্যমে। কিন্তু সেসময় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল অনেক ক্রিকেটারকেই। টনি গ্রেগও ছিলেন ওই নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের দলে।ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে অস্ট্রেলীয় ধনকুবের ক্যারি প্যাকার এই আয়োজিত প্রতিযোগতায় অংশ নিয়েছিরেন টনি গ্রেগ। সেই বহুল আলোচিত ও বিতর্কিত সিদ্ধান্তটির ব্যাপারে গত জুনে গ্রেগ তাঁর আলোচিত কলিন কাউড্রে বক্তৃতায় একটা ব্যাখ্যা দিয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়া টনি গ্রেগ যেন মৃত্যুর ছয়মাস আগে পুরো ব্যাপারটিই পরিস্কার করে গেছেন। ২০০৭ সালে টিভি সম্প্রচার মালিকানা নিয়ে বিরোধ থেকে ভারতে যেভাবে ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) জন্ম হয়েছিল, ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের শুরুটাও হয়েছিল অনেকটা একই কারণে। ১৯৭৬ সালে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচগুলো সম্প্রচার করার একক মালিকানা পেতে চেয়েছিল অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্ক, চ্যানেল নাইন। কিন্তু তাদের এই প্রস্তাবে রাজি হয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এর পরপরই তত্কালীণ ক্রিকেট বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ নামে এক প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেন চ্যানেল নাইনের স্বত্তাধিকারী ক্যারি প্যাকার। এঁদের মধ্যে ছিলেন ইংল্যান্ডের তত্কালীণ অধিনায়ক টনি গ্রেগ, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার অধিনায়ক গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, পাকিস্তানের ইমরান খান, আসিফ ইকবাল, জাভেদ মিয়াঁদাদসহ আরও অনেক শীর্ষ ক্রিকেটার। কিন্তু অনুমোদনহীন এই প্রতিযোগিতায় নাম লেখানোর কারণে আজীবনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় টনি গ্রেগসহ প্রায় সকলের ওপরই। পরে অবশ্য ইংল্যান্ড ছাড়া বাকী সব দেশই তাদের ক্রিকেটারদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ইংলিশ ক্রিকেট সংশ্লিষ্টদের গোয়ার্তুমির কারণে মাত্র ৩১ বছর বয়সেই শেষ হয় টনি গ্রেগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। কেন সেসময় ইংল্যান্ডের অধিনায়কত্ব পায়ে ঠেলে এই বিদ্রোহী প্রতিযোগিতায় খেলতে এসেছিলেন সেটার ব্যাখ্যা করতে গিয়ে জুন মাসে কলিন কাউড্রে বক্তৃতায় উল্লেখ করেছিলেন ১৯৭৭ সালে ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের প্রধান উদ্যোক্তা ক্যারি প্যাকারকে লেখা এক চিঠির কথা। সেখানে টনি লিখেছিলেন, ‘ক্যারি, টাকাটা আমার প্রধান চিন্তার বিষয় না। আমার বয়স এখন ৩১ বছর। হয়তো আর দুই তিনটা টেস্টে ব্যর্থ হলেই আমাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এর আগেও টনি লুইস, ব্রায়ান ক্লোজ, কলিন কাউড্রে, রে ইলিংওয়ার্থের মতো অধিনায়ককে এইভাবেই বিদায় নিতে হয়েছে। আমার ক্ষেত্রেও হয়তো কোন ব্যতিক্রম হবে না। দল থেকে বাদ পড়ার পর আমি অকুল পাথারে পড়ে যেতে চাই না। আমি অন্য কিছু করার কোন প্রশিক্ষণও কখনো পাইনি। আমি স্কুল থেকে সরাসরি চলে এসেছিলাম সাসেক্সের হয়ে খেলতে। এখন ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে আমার পরিবারের চিন্তাই আমাকে বেশি ভাবাচ্ছে। আমার পরিবারের ভবিষ্যত্ই আমার কাছে প্রধান গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি যদি আমাকে তোমার প্রতিষ্ঠানে আজীবন কাজ করার সুযোগ দাও তাহলেই আমি এই ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে খেলার চুক্তি সাক্ষর করব।’ ক্যারি প্যাকার তাঁর কথা রেখেছিলেন। ক্রিকেট থেকে অবসরের পর জীবনের বাকিটা সময় চ্যানেল নাইনের ধারাভাষ্যকার হিসেবেই কাজ করে গেছেন টনি গ্রেগ।আধুনিক ক্রিকেটে পেশাদারিত্ব বা অর্থবিত্তের হাতছানির শুরুটাও হয়েছিল অনেকটা ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের মধ্য দিয়ে। ৮০-এর দশকে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার জন্য ইংলিশ ক্রিকেটারকে দেওয়া হতো মাত্র ২১০ পাউন্ড। এই ব্যাপারটা সেসময় মেনে নিতে কষ্ট হয়েছিল বলে স্পষ্টই স্বীকার করেছেন টনি গ্রেগ। তিনি বলেছিলেন, ‘আমি ভেবে পেতাম না যে, স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে একটি টেস্ট খেলার পরও আমাদের কেন মাত্র ২১০ পাউন্ড দেওয়া হবে। অনেকেরই মানসিকতা ছিল এরকম যে, দেশের হয়ে খেলাটাই অনেক সম্মানের ব্যাপার। অর্থটা এখানে কোন ব্যাপার হওয়া উচিত্ না। আমি ভেবে পেতামনা সেই প্রচলিত মানসিকতার বিষয়টি কীভাবে পরিবর্তিত হতে পারে। ক্রিকেট খেলার মাধ্যমে আয় করার বিভিন্ন উত্সমূলের সন্ধানে তখন একটা বিপ্লবের দরকার ছিল। ক্যারি প্যাকার আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ ছিল ওই ধরনেরই একটা বিপ্লব।’নিজ দেশের ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্রোহী প্রতিযোগিতা ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজে অংশ নেওয়ার জন্য অবশ্য কোন আফসোস ছিল না টনি গ্রেগের। সেটি পরবর্তী সময়ে ক্রিকেটের জন্য অনেক মঙ্গলই বয়ে এনেছে বলে মন্তব্য করেছিলেন সদ্য প্রয়াত এই ইংলিশ অলরাউন্ডার। তিনি বলেছিলেন, ‘আমার পরিবারের জন্য এবং ক্রিকেটের জন্য আমি যে সঠিক কাজটাই করছি, তা নিয়ে আমার কোন সংশয় ছিল না। আমি ক্যারি প্যাকারের প্রতিষ্ঠানে ৩৫ বছর কাজ করেছি। এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। পুরো ক্রিকেট বিশ্বেই এসেছে অনেক ইতিবাচক পরিবর্তন।’আজকের সময়ে ক্রিকেটের যে বাণিজ্যিক সাফল্য, সাদা বল ও রঙিন পোশাকের ওয়ানডে ম্যাচ, দিবারাত্রির ম্যাচ, বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেট লিগের আকাশচুম্বী জনপ্রিয়তা ইত্যাদি বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের পথে প্রথম হেঁটেছিলেন টনি গ্রেগরা। তাঁদের সেই বিদ্রোহের ফলেই হয়তো আজকের ক্রিকেটকে এই বর্ণিল অবস্থায় দেখার সুযোগ পাই আমরা। সূত্র: ক্রিকইনফো