ক্যারিবিয়ান গ্রেটদের ছোঁয়া এবং মধুচন্দ্রিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুচন্দ্রিমার মধুর স্মৃতি— ক্যারিবিয়ান সাগরপাড়ে স্ত্রী আয়েশার সঙ্গে তামিম   সৌজন্য ছবি
মধুচন্দ্রিমার মধুর স্মৃতি— ক্যারিবিয়ান সাগরপাড়ে স্ত্রী আয়েশার সঙ্গে তামিম সৌজন্য ছবি

গায়ানার টিম হোটেলের লবিতে হাঁটাহাঁটি করছিলেন তামিম ইকবাল। হঠাৎই একজনের মুখোমুখি হয়ে যেন মূর্তি হয়ে গেলেন। হাত বাড়িয়ে কুশলাদি জিজ্ঞেস করছিলেন সেই ভদ্রলোক। তামিমের নড়ার শক্তি নেই! তামিম নিজেই এখন অনেকের স্বপ্নের নায়ক। তাঁর সঙ্গে হাত মেলানো, একটুখানি কথা বলা বা অটোগ্রাফ নেওয়া অনেকের জন্যই অনেক বড় পাওয়া। তবে এই তামিমেরও তো স্বপ্নের নায়ক আছে! আচমকা সেই নায়কের মুখোমুখি হয়ে, নায়কের মুখে নিজের নাম শুনে মুহূর্ত খানেকের জন্য কিছু বুঝে উঠতে পারছিলেন না তামিম। শুধু কি তামিম, শৈশবনায়ক তিনি শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ারদেরও। আধুনিক গ্রেটদের আরও অনেকেই যাঁকে মানেন ব্যাটিংয়ের শেষ কথা—স্যার ভিভিয়ান রিচার্ডস!তামিমের সেই রোমাঞ্চের কিছুটা কালও টের পাওয়া যাচ্ছিল তাঁর কণ্ঠে, ‘ভিভকে আগেও দেখেছি। তবে কথা হলো এই প্রথম। নিজের পর তাঁর ব্যাটিংয়ের ভিডিও সবচেয়ে বেশি দেখি আমি, প্রতিবারই ভাবি কীভাবে এমন ব্যাটিং করতে পারতেন। এতটা রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম যে কী বলব বুঝতে পারছিলাম না। সত্যি বলতে ভিভ আমাকে চেনেন, নাম ধরে ডাকলেন, এতেই আমি অভিভূত।’ব্যাটিং নিয়ে অবশ্য তেমন কথা হয়নি। বাংলাদেশের ক্রিকেট নিয়েই কথা হয়েছে বেশি। বাংলাদেশ যে ইদানীং ভালো করছে, ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছে—সবই জানেন ভিভ। প্রশংসা করেছেন তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়েরও। তামিমের কাছে এখন ক্রিকেট-জীবনের অন্যতম বড় পাওয়া ‘ভিভের ভালো লাগা।’ ক্যারিবিয়ান অভিযান থেকে এমন ভালো লাগা, রোমাঞ্চকর আর মজার টুকরো টুকরো সব স্মৃতিই সঙ্গী হয়েছে তামিমের।

ওয়েস্ট ইন্ডিজে আগেও গেছেন তিনি। তবে সমুদ্র আর সৈকতের সৌন্দর্য এমনভাবে ধরা পড়েনি আগে। এবার যে সঙ্গে ছিলেন স্বপ্নের নায়িকাও! এই অভিযান ছিল তামিমের মধুচন্দ্রিমাও। জাতীয় দলের সফরে ম্যাচ আর অনুশীলনের ফাঁকের সময়েও থাকে অনেক বাধানিষেধ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেসবের বালাই ছিল না। স্ত্রী আয়েশাকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন অনেক। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাঁচটি দেশে ছিল তামিমদের খেলা—সেন্ট লুসিয়া, বারবাডোজ, গায়ানা, জ্যামাইকা ও অ্যান্টিগা। একই সমুদ্রের কত রূপ থাকতে পারে আর একেকটি সৈকতও কত বৈচিত্র্য হতে পারে, সেটা ভালোই উপভোগ করেছেন তামিম দম্পতি।

ক্রিকেটের ক্ষেত্রে এবারের সফরের বড় প্রাপ্তি অসংখ্য ক্যারিবিয়ান গ্রেটদের সংস্পর্শে আসা, তাঁদের সঙ্গে কথা বলা। তামিমদের কোচ যেমন ছিলেন অ্যান্ডি রবার্টস, ভিভ ছিলেন অ্যান্টিগার, টিঅ্যান্ডটির গর্ডন গ্রিনিজ, বারবাডোজের ডেসমন্ড হেইন্স, গায়ানার সহকারী কোচ কার্টলি অ্যামব্রোস। বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হারের কারণেই কি না, বাংলাদেশের এগিয়ে চলার প্রশংসা করেছেন সবাই। তাঁদের মধ্যে দুজনের আবার বাংলাদেশের সঙ্গে আছে বিশেষ সম্পর্ক, আছে অনেক স্মৃতি। জুকসের প্রথম ট্রেনিং সেশনেই যেমন কুশলাদির পরই কোচ অ্যান্ডি রবার্টসের প্রথম জিজ্ঞাসা, ‘কৌশিকের খবর কী?’

২০০০ সালে বাংলাদেশের উঠতি পেসারদের নিয়ে একটি ক্যাম্প করেছিলেন রবার্টস। মাশরাফি বিন মুর্তজাকে দারুণ মনে ধরেছিল তাঁর। উচ্চাশা জানিয়েছিলেন তালহা জোবায়েরকে নিয়েও। সেই তালহা একরকম শেষ হয়ে গেছেন অঙ্কুরেই। বাংলাদেশের ক্রিকেটে স্থায়ী জায়গা পেলেও চোটের সঙ্গে নিত্য লড়াইয়ে মাশরাফি বিশ্ব ক্রিকেটে হয়ে উঠতে পারেননি তেমন বড় তারকা—এই নিয়ে আক্ষেপও করেছেন। গ্রিনিজ শুরুতে কথা বলায় খুব একটা উৎসাহী ছিলেন না। বাংলাদেশের কোচ হিসেবে তাঁর বিদায়টা খুব সুখকর ছিল না বলেই কি না, কে জানে! তবে তামিম আকরাম খানের ভাতিজা পরিচয় পাওয়ার পর দারুণ উচ্ছ্বসিত হয়ে ওঠেন গ্রিনিজ। খোঁজখবর নিয়েছেন আকরামদের, কথা বলেছেন স্বতঃস্ফূর্তভাবে।

তামিম দম্পতির মধুচন্দ্রিমা পর্বের একটা বড় অংশজুড়ে ছিল রসনাবিলাস। সাগরতীরের অভিজাত সব রেস্তোরাঁয় বিশ্বের বিভিন্ন জায়গার খাবার পরখ করেছেন দুজন। এই খাওয়া নিয়েই মজার এক কাহিনি শোনান তামিম, ‘আমরা দুজন ঠিক করলাম ঈদের দিন খুব ভালো কোনো জায়গায় ডিনার করব। সেভাবেই সেজেগুজে দারুণ একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে এসে শুনি, ঈদ নাকি পরের দিন! পাকিস্তানের মিসবাহসহ আমরা সবাই ওই দিন ঈদ ভেবে ভুল করেছি!’

সময়-সুযোগ অনেক ছিল বলে এবার স্থানীয়দের সঙ্গে মিশেছেন। বোঝার চেষ্টা করেছেন তাঁদের সংস্কৃতি, একসঙ্গে কাটিয়েছেন অনেক সময়। ক্রিকেট-শিক্ষা তাই যত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে ক্যারিবিয়ান জীবনদর্শনের শিক্ষা। ‘ওরা অসম্ভব ক্রিকেটপাগল, তবে সবাই ক্রিকেট উপদেশ দিতে ভালোবাসে’—হাসতে হাসতে বললেন এক জ্যামাইকান ট্যাক্সিচালকের কথা, যে ঝাড়া দেড় ঘণ্টা ক্রিকেটজ্ঞান দিয়ে নাকাল করে ছেড়েছেন তামিমকে। সব মিলিয়ে ব্যাট হাতে ‘আরেকটু ভালো’ করতে না-পারার আক্ষেপটুকু বাদ দিলে স্বপ্নের সঙ্গিনীকে নিয়ে স্বপ্নের মতোই সময় কেটেছে তামিমের। ক্যারিবিয়ানদের আমুদে জীবনের ছোঁয়ায় পরিবর্তন এসেছে নাকি নিজের জীবনদর্শনেও!