ক্যারিবিয়ানে জুবায়েরের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়েরের হ্যাটট্রিক আনন্দে মিশে গেলেন সতীর্থরা। পরশু গায়ানার প্রভিডেন্সে  ওয়েবসাইট
জুবায়েরের হ্যাটট্রিক আনন্দে মিশে গেলেন সতীর্থরা। পরশু গায়ানার প্রভিডেন্সে ওয়েবসাইট

ঘূর্ণি বলে ঘূর্ণিঝড়! ক্যারিবিয়ান সাগরের হারিকেনের মতোই পরশু দেখা দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পিনাররা। তাতেই বিধ্বস্ত হলো ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯। গায়ানার প্রভিডেন্সে তৃতীয় যুব ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৮৮ রানেই গুটিয়ে দিয়ে ১৯৮ 
রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে সাত ম্যাচের সিরিজে দলটি এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
বাংলাদেশের দল করেছিল ৮ উইকেটে ২৮৬ রান। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার দলকে ৩৯ রান এনে দেওয়ার পরই ঘূর্ণিঝড়ের সূচনা। অফ স্পিনার মেহেদী হাসান ও দুই বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান ও রাহাতুল ফেরদৌস একটি করে উইকেট নিয়ে তিন ওভারের মধ্যেই স্কোরটাকে বানিয়ে ফেলেন ৪৪/৩। এখান থেকেই আর একটি উইকেট হারিয়ে স্বাগতিকেরা ৮৪ রানে পৌঁছার পরই চূড়ান্ত আঘাত। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের শেষ ৬ উইকেট পড়েছে ৪ রানের ব্যবধানে মাত্র ১৩ বলে। হ্যাটট্রিক করে এই ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিলেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। ২ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট, সেরা বোলার জুবায়েরই। ৩ উইকেটে নিয়েছেন রাহাতুলও, ৪.৩ ওভারে তাঁর খরচ ৯ রান। এ ছাড়া নিহাদুজ্জামান ২টি ও মেহেদী নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৯৫ রান করে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। টস জিতে ব্যাটিং নিয়ে ৫ রানেই প্রথম উইকেট হারানোর পর সাদমান ও জসীমউদ্দিনের ১১৬ রানের জুটি। উইকেটকিপার জসীমের ব্যাট থেকে এসেছে ৬৮। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মোসাদ্দেক (৩২), নাজমুল হোসেন শান্ত (২৫) ও অধিনায়ক মেহেদীর (২২) সঙ্গেও ভালো জুটি গড়েছেন ১২১ বল খেলা সাদমান।

সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল জর্জটাউনের এভারেস্টে।