ক্যারিবিয়ানে মুখোমুখি সাকিব-তামিম

তামিম ইকবাল চলে গেছেন বেশ কিছুদিন আগেই। ইংল্যান্ডে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি অভিযান শেষে ক্যারিবিয়ায় পৌঁছে যাওয়ার কথা সাকিব আল হাসানেরও। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম দিনেই মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা। সিপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিবের বারবাডোজ ট্রাইডেন্ট ও তামিমের সেন্ট লুসিয়া জুকস। ব্রিজটাউনে ম্যাচটি শুরু স্থানীয় সময় রাত আটটায়, বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায়। বাংলাদেশের দর্শকেরা ম্যাচটি দেখতে পাবে সনি সিক্স চ্যানেলে।
ইংল্যান্ডে সময়টা খুব ভালো কাটেনি সাকিবের। ৯ ইনিংসে ১৪৬ রান করেছেন ১৮.২৫ গড়ে, সর্বোচ্চ ছিল অপরাজিত ৪৩। বল হাতে ১০ ম্যাচে ৯ উইকেট এমনিতে খুব খারাপ নয়, তবে সাকিবের কাছে প্রত্যাশা তো আরেকটু বেশিই থাকে! ক্যারিবিয়ানের উইকেটে অবশ্য ব্যাটে-বলে আরও উজ্জ্বল হওয়ার কথা সাকিবের। বারবাডোজ ট্রাইডেন্টে সাকিবের অধিনায়ক কাইরন পোলার্ড। সতীর্থদের মধ্যে আছেন শোয়েব মালিক, উমর আকমল, ডোয়াইন স্মিথ, কার্ক এডওয়ার্ডস, দেবেন্দ্র বিশুরা। ঘরের ছেলে এডওয়ার্ডস বা স্মিথকে না দিয়ে ত্রিনিদাদের পোলার্ডকে নেতৃত্ব দেওয়ায় সম্প্রতি প্রতিবাদ, মিছিল হয়েছে বারবাডোজে।
সেন্ট লুইস জুকসে তামিমের অধিনায়ক ড্যারেন স্যামি। শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচে ২৯ বলে ৪২ করে স্বেচ্ছা অবসর নেন তামিম। তাঁর সতীর্থদের মধ্যে আছেন মিসবাহ-উল-হক, হার্শেল গিবস, আলবি মরকেল, ডেভন স্মিথ, আন্দ্রে ফ্লেচার, শেন শিলিংফোর্ড, টিনো বেস্টরা। মিসবাহকে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান লুক পমার্সবাখ শেষ মুহূর্তে না আসায়। শহীদ আফ্রিদির খেলার কথাও শোনা যাচ্ছিল। তবে প্রথমে প্রস্তাবিত দেড় লাখ ডলারের বদলে ৫০ হাজার ডলার দিতে চাওয়ায় শেষ পর্যন্ত আর খেলছেন না আফ্রিদি।
পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ খেলছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে। দলের অধিনায়ক রামনরেশ সারওয়ান। হাফিজ ছাড়া বিদেশি ক্রিকেটার আছেন মার্টিন গাপটিল ও জেমস ফ্রাঙ্কলিন। অ্যান্টিগা হকবিলসের অধিনায়ক মারলন স্যামুয়েলস, বিদেশি রিকি পন্টিং ও জাস্টিন কেম্প। ক্রিস গেইল নেতৃত্ব দেবেন জ্যামাইকা তালাওয়াসের, বিদেশি আছেন আহমেদ শেহজাদ, জ্যাক রুডলফ, ভারনন ফিল্যান্ডার ও মুত্তিয়া মুরালিধরন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের অধিনায়ক ডোয়াইন ব্রাভো, দলে আছেন রস টেলর, কেভিন ও’ব্রায়েন ও দক্ষিণ আফ্রিকার ডেভি জ্যাকবস।
