
আলোচনা নানা রকম। চ্যাম্পিয়নস ট্রফির পর আরেকটা বৃষ্টিভেজা টুর্নামেন্টই কি দেখবে ক্রিকেট-বিশ্ব? সাফল্যে ভেসে চলা ভারতকে টেনে নামাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা? কিংবা জ্যামাইকা-ত্রিনিদাদে আজ শুরু ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজটা টেস্ট ক্রিকেটকে আরেকবার অপমানিত করল না তো!প্রথম দুটি প্রসঙ্গ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের আলোচনা থেকে তুলে আনা। শেষ প্রশ্নটা উঠছে অগ্রাধিকারের প্রতিযোগিতায় রংচঙে সীমিত ওভারের ক্রিকেটের কাছে আবারও সাদা পোশাকের টেস্ট ক্রিকেটের হেরে যাওয়ার কারণে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী গত মে মাসে দুই টেস্টের সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির পর পর এই সময়টায় এই তিন জাতি সিরিজ আয়োজনের স্বার্থে দুই বোর্ড মিলে বাদই দিয়ে দিয়েছে ওই দুটি টেস্ট! তৃতীয় দল হিসেবে সঙ্গে ভারতকেও জুটিয়ে নিতে পারায় এই সিরিজ এখন ক্যারিবীয় বোর্ডের জন্য সোনার ডিম পাড়া হাঁস। চ্যাম্পিয়নস ট্রফির তরতাজা চ্যাম্পিয়নরা যে আসরে খেলবে, সেখানে তো স্পনসরদের হুমড়ি খেয়েই পড়ার কথা!জ্যামাইকার স্যাবাইনা পার্কে আজ ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এর আগে কেবল ২০০৭-এর বিশ্বকাপটাই খেলেছে শ্রীলঙ্কা। এরপর খেলছে এই ত্রিদেশীয় সিরিজে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল থেকে ফেরা দলটার তার পরও আত্মবিশ্বাসে কমতি নেই বলে জানালেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘কিছু ম্যাচে খুব ভালো খেলেছি আমরা...ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। দলের আত্মবিশ্বাস তাই অনেক উঁচুতে।’ চোটের কারণে তিলকরত্নে দিলশান দলে না থাকলেও এটাকে অন্যদের জন্য ভালো সুযোগ বলে মনে করছেন লঙ্কান অধিনায়ক। তবে শুরুর ম্যাচেই সামনে যখন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, কাজটা সহজ হওয়ার কথা নয় শ্রীলঙ্কার জন্য। ক্যারিবীয় কোচ ওটিস গিবসনের কথায় রুখে দাঁড়ানোর আভাস, ‘ছেলেরা এখন আরও অনেক বেশি দায়িত্ব নিচ্ছে। আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে।’
সিরিজে ভারতের প্রথম ম্যাচ পরশু, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এএফপি, ক্রিকইনফো।
সিরিজের সূচি
ম্যাচ ভেন্যু
২৮ জুন ও. ইন্ডিজ-শ্রীলঙ্কা কিংস্টন
৩০ জুন ও. ইন্ডিজ-ভারত কিংস্টন
২ জুলাই ভারত-শ্রীলঙ্কা কিংস্টন
৫ জুলাই ও. ইন্ডিজ-ভারত পোর্ট অব স্পেন
৭ জুলাই ও. ইন্ডিজ-শ্রীলঙ্কা পোর্ট অব স্পেন
৯ জুলাই ভারত-শ্রীলঙ্কা পোর্ট অব স্পেন
১১ জুলাই ফাইনাল পোর্ট অব স্পেন