ক্যারিবিয়ায় ভারতের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ওয়ানডেতে গত রাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের অষ্টম দল ওয়েস্ট ইন্ডিজের কাছে এক উইকেটে হেরে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যবধানটা অনেক। ভারত যেখানে শীর্ষে, সেখানে ক্যারিবীয়দের অবস্থান সপ্তম। ত্রিদেশীয় সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হলেও স্পষ্টতই ফেবারিট ছিল ভারত। তবে মাঠের লড়াইয়ে সব হিসাব মিথ্যা প্রমাণ করে দেন ক্যারিবীয় ক্রিকেটাররা।টস-ভাগ্যও সহায় ছিল না ভারতের। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা দারুণ খেলেছেন। দলীয় সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। সুরেশ রায়নার সংগ্রহ ৪৪ রান। তবে বাকি ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে না পারায় দলীয় সংগ্রহটা ৭ উইকেটে ২২৯-এর বেশি হয়নি ভারতীয় দলের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ, টিনো বেস্ট ও ড্যারেন স্যামি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর সুবাদে আত্মবিশ্বাসের পারদ ওপরেই ছিল ওয়েস্ট ইন্ডিজের। ভারতকে অল্প রানের মধ্যে আটকে রাখতে পেরে যেন সেই আত্মবিশ্বাসটা বেড়ে যায় আরও। ব্যাট হাতে অবশ্য গত রাতে সফলতা পেয়েছেন কেবল দুজন—জনসন চার্লস ও ড্যারেন ব্রাভো। এর পরও জয়ের দেখা মেলে ইনিংসের ১৪ বল বাকি থাকতে। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি উদ্বোধনী ব্যাটসম্যান চার্লস। ড্যারেন ব্রাভোর সংগ্রহ ৫৫ রান।স্বস্তির জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজ অবশ্য খাদের কিনারাতেই ছিল। ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২০ রানের মধ্যে পতন ঘটে নয়টি উইকেটের। ম্যাচের ভাগ্য যেন ঝুলে ছিল সুতার ওপর। কেমার রোচ (৩২ বলে ১৪*) ও টিনো বেস্ট (১০ বলে ৩*) অবশ্য পা হড়কাননি। দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন তাঁরা। ভারতের সফলতম বোলার উমেশ যাদব। ৪৩ রান খরচায় তিনটি উইকেট নেন এই মিডিয়াম পেসার। দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। সূত্র: ক্রিকইনফো।