ক্যারিবিয়ানদের ৫৪ রানে গুঁড়িয়ে ‘এ’ দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব হারিয়ে জ্বলে উঠল বাংলাদেশ ‘এ’ দল। বাজে ব্যাটিংয়ের মহড়ায় সিরিজ হারতে হয়েছে প্রথম দুই ম্যাচেই হেরে। কাল আর ব্যাটসম্যানদের খুব বাজে করার ‘সুযোগই’ দিলেন না বোলাররা। গত বিশ্বকাপে এই মাঠেই বাংলাদেশ জাতীয় দলকে ৫৮ রানে গুটিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। কাল ক্যারিবিয়ানদের হাইপারফরম্যান্স দলকে ৫৪ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ জিতে নিল ৯ উইকেটে। তবে দেশের দ্বিতীয় সেরা দল হয়ে একটি হাইপারফরম্যান্স দলের কাছে সিরিজ হারের ক্ষতে কতটা প্রলেপ দিতে পারবে কালকের এই জয়, সে প্রশ্ন থাকছেই।১০০ ওভারের ম্যাচ শেষ মাত্র ২৬.৪ ওভারেই। প্রথম ইনিংস শেষ হওয়ার কথা দুপুর সাড়ে ১২টার দিকে, কিন্তু ম্যাচই শেষ সাড়ে ১১টায়! বল হাতে বাংলাদেশ দলের কেউ এককভাবে ত্রাস সৃষ্টি করেননি। ‘এ’ দলের বোলাররা কাল নেমেছিলেন ‘দশে মিলে করি কাজ’ ব্রত নিয়ে। চার বোলার নিয়েছেন দুটি করে উইকেট, দুজন রান আউট।শুরুটা রান আউটেই, বিপজ্জনক আন্দ্রে ফ্লেচার আউট প্রথম বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ-ফেরত আবুল হাসান ওই ওভারেই তুলে নিলেন গ্রিফিথকে। তৃতীয় উইকেটে ওটলি-লেসপরিসের ২১ রানের জুটিই ইনিংসের সর্বোচ্চ। ৪ ওভারে ৫ রানে ২ উইকেট নাঈমের, পুরো সিরিজেই দুর্দান্ত করা এনামুল জুনিয়রও ৪ ওভারে ২ উইকেট ৯ রানে। কাল অধিনায়কও ছিলেন এনামুল। নতুন বলে সৌম্যও নিয়েছেন ২ উইকেট।ফিল্ডিংয়ের সময় থেকেই ক্র্যাম্প হচ্ছিল সৌম্যর, ব্যাটিংয়ে ওপেন করে ২ বল খেলেই অবসর নিয়েছেন। বাঁহাতি স্পিনার পেরমল নতুন বল নিয়ে ফিরিয়েছেন শাহরিয়ার নাফীসকে। তবে এনামুল হক ও মমিনুল হক আর উইকেট পড়তে দেননি। বৃহস্পতি ও শুক্রবার দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজ।ওয়েস্ট ইন্ডিজ এইচপি: ১৮ ওভারে ৫৪ (লেসপরিস ১৫, ক্যারিয়াহ ১১; নাঈম ২/৫, এনামুল ২/৯, সৌম্য ২/১৫, আবুল হাসান ২/১৭)। বাংলাদেশ ‘এ’: ৮.৪ ওভারে ৫৬/১ (সৌম্য আহত অবসর ০, এনামুল ২৩, শাহরিয়ার ৪, মমিনুল ২৫*; পেরমল ১/১৮)। ফল: বাংলাদেশ ‘এ’ ৯ উইকেটে জয়ী (উইন্ডিজ এইচপি ২-১-এ সিরিজ জয়ী)। ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম