ক্যারিবিয়ানে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচেই শোচনীয়ভাবে হেরে গ্রুপ পর্বেই বিদায়। তবে কোচ ডেভ হোয়াটমোর এখন আশাবাদী, চ্যাম্পিয়নস ট্রফির ওই হতাশা পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান লড়বে জয়ের জন্য।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টি-টোয়েন্টি খেলতে এ সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে পাকিস্তান। ১৪ জুলাই গায়ানার প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। তার আগে ১১ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিসবাহ-উল হকের দল। এই সিরিজ সামনে রেখে লাহোরে চলছে মিসবাহদের কঠোর অনুশীলন। ব্যাটিংই এখনকার বড় সমস্যা বলে অনুশীলনে ব্যাটসম্যানদের দিকে থাকছে বাড়তি নজর। চ্যাম্পিয়নস ট্রফিতে এই সমস্যাটাই ভুগিয়েছে বেশি। তিন ম্যাচে মিসবাহর দলের রান ছিল ১৭০ ও ১৬৭ ও ১৬৫। হোয়াটমোর জানেন ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে হলে ব্যাটিংয়ে ভালো করতেই হবে। পরশু অনুশীলনের এক ফাঁকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক এই কোচ বললেন, ‘ইংল্যান্ডের ফলটা ছিল সবার জন্যই খুবই বেদনাদায়ক। আমরা বুঝতে পেরেছি, আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এখন আমরা সত্যিই ঘুরে দাঁড়াতে চাই। দৃষ্টি আমাদের সামনের দিকে। আমরা আরও ভালো করতে চাই।’ যদিও পরক্ষণেই বলেছেন, ‘আমি জয়ের প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি অঙ্গীকার করতে পারি, আমরা জয়ের জন্য কঠিন লড়াই করব।’পাকিস্তান সর্বশেষ ক্যারিবিয়ান সফরে গিয়েছিল ২০১১ সালে। দুই ম্যাচের টেস্ট সিরিজটা ১-১ ড্র ছিল, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছিল ৩-২-এ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল ৭ রানে। যদিও ওই সিরিজের দলে ছিলেন না ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। এই দুজনকে পেয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন আরও বেশি শক্তিশালী। উল্টো দিকে পাকিস্তানের ফর্ম হয়েছে খারাপ। হোয়াটমোরও স্বীকার করছেন, ওই সময়ের তুলনায় ওয়েস্ট ইন্ডিজ এখন অনেক বেশি শক্তিশালী। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের এই দলের বড় একটা দুর্বল দিকও খুঁজে পেয়েছেন হোয়াটমোর—দ্রুত উইকেট হারানোর প্রবণতা আছে। শহীদ আফ্রিদিকে নিয়ে আত্মবিশ্বাসী হোয়াটমোর। পাকিস্তান কোচের আশা, দলে ফেরা আফ্রিদি আলো ছড়াবেন ব্যাট-বল দুভাবেই। ওয়েবসাইট।