ক্যারিবীয় পেস বনাম ভারতীয় ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওটিস গিবসন বলেছেন স্রেফ মজা করেই, ‘ভারতের এই ব্যাটিং লাইনআপের বিপক্ষে সম্ভবত সাতজন বোলার লাগবে।’ নিছকই মজা? এর মধ্যে কি একটা সত্যিও লুকিয়ে নেই! সিরিজ শুরুর আগে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির জন্য অপেক্ষাই সবচেয়ে আলোচিত, এর পরই তো ওই প্রশ্ন—ভারতকে দুবার অলআউট করার সামর্থ্য কি আছে এই ওয়েস্ট ইন্ডিজ দলের? গিবসনের বিশ্বাস, আছে। ক্যারিবীয় পেসাররা সবাইকে চমকে দেবে বলেই বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের কোচের। ‘পেস বনাম স্পিনের লড়াই’—বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্লোগানটা তাই বদলে যাচ্ছে এই সিরিজে, ‘উইন্ডিজের পেস বনাম ভারতের ব্যাটিং।’গত জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই দলের সর্বশেষ সিরিজে যথেষ্টই জমেছিল লড়াইটা। এডওয়ার্ডস, রামপল ও স্যামি—ওয়েস্ট ইন্ডিজের তিন পেসার মিলে ৩ টেস্টে নিয়েছিলেন ৩৯ উইকেট। এই সিরিজেও পুনরাবৃত্তি আশা করছেন গিবসন, ‘গত কিছুদিন আমাদের ফাস্ট বোলাররা দারুণ ফর্মে আছে এবং আমাদের ম্যাচ জিতিয়েছে। আমাদের ফাস্ট বোলারদের ওপর আমার বিশ্বাস আছে। ফিদেল এই মুহূর্তে দারুণ দ্রুতগতিতে বোলিং করছে, আমাদের আশা, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকেও ও সমস্যায় ফেলতে পারবে।’এমনিতে এই সিরিজ থেকে ভারতের খুব বেশি কিছু পাওয়ার নেই। প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের নিচু সারির দল (তিনে ভারত, ওয়েস্ট ইন্ডিজ সাতে), সিরিজ জিতলেও তাই খুব বেশি পয়েন্ট মিলবে না। তবে আবার চূড়ায় ওঠার প্রক্রিয়াটা এই সিরিজ থেকেই শুরু করতে চায় ভারত। ইংল্যান্ডে গিয়ে ধবলধোলাই হওয়ার জ্বালা জুড়ানোরও ব্যাপার আছে। ভিভিএস লক্ষ্মণও মনে করিয়ে দিলেন এ সবই, ‘এ সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইংল্যান্ডে বিধ্বস্ত হওয়ার পর। আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাই, ফিরে পেতে চাই শীর্ষস্থান। আশা করি, মৌসুমটা জয় দিয়ে শুরু করতে পারব, যাতে আমরা আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে পারি।’শুধু জহির খানই নেই। নইলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওই সিরিজে অনুপস্থিত টেন্ডুলকার, শেবাগ, গম্ভীর ও যুবরাজ সবাই ফিরেছেন দলে। নিয়মিত আরেক মুখ অবশ্য নেই, বাজে ফর্মের কারণে ওয়ানডের পর টেস্ট দল থেকেও বাদ পড়েছেন হরভজন সিং। জহির-হরভজনদের অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ অনেকটাই অনভিজ্ঞ। দুই উঠতি পেসার বরুণ অ্যারন ও উমেশ যাদবের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে, অন্তত একজনের তো হবেই। স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা, অভিষেক হতে পারে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনেরও। ওয়েবসাইট।