ক্যারিবীয় মেয়েদের ইতিহাস

স্টেফানি টেলররা নিজেদের কাজটি করে ফেললেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে মাঠেই ‘চ্যাম্পিয়ন উদযাপন’ সেরে নিয়েছেন তাঁরা। সেই উদযাপনে যোগ দিলেন ড্যারেন স্যামি-ডোয়াইন ব্রাভোরা। এবার স্যামিদের পালা। স্যামিরা কী পারবেন? সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আরও পাঁচ ঘণ্টা পরে। তবে স্যামিদের আত্মবিশ্বাস কিন্তু বাড়িয়ে দিলেন মেয়েরা। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিল আজ ওয়েস্ট ইন্ডিজ নারী দল।
লক্ষ্যটা বেশ কঠিন ছিল। স্নায়ুক্ষয়ী ফাইনালে ১৪৯ রানের লক্ষ্য। প্রতিপক্ষ টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু হেইলি ম্যাথুজ ও টেলরকে দেখে তা বোঝার উপায়ই ছিল না। প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নের কাছে হার মানল সব ধরনের চাপ। ১৪৮ তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২০ রান করে ফেললেন দুজন। শুরুতে অবশ্য ঝলসে উঠেছিলেন ম্যাথুজ। মেয়েদের টি-টোয়েন্টির বড় নাম টেলরকে দর্শক বানিয়ে চার-ছয়ের ফুলঝুরি ছোটাতে থাকেন তিনি।
একটু পরে টেলরও যোগ দেন বাউন্ডারির উৎসবে। সঙ্গে বুদ্ধিদীপ্ত রানিং বিটুইন দ্য উইকেট তো ছিলই। এভাবেই দুজনে মিলে অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচটি নিয়ে নেন নিজেদের দখলে। ১৬ তম ওভারে ৬৬ রানে ম্যাথুজ আউট হলেও অন্যপ্রান্তে ঠিকই টিকে থাকেন টেলর। জয় থেকে মাত্র ৫ রান দূরে থেকে টেলর আউট হলেও ক্যারিবীয় মেয়েরা ম্যাচ হাতছাড়া করেননি। ৩ বল বাকি রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টেলরের দল।
শেষ ওভারে ১ রানের বেশি নিতে পারেনি অস্ট্রেলিয়া নারী দল। শিরোপা হাতছাড়া হওয়ার পর এই দুঃখটা তাদের হয়তো তাড়িয়ে ফিরবে অনেক দিন।