ক্যারিবীয়দের চার-ছক্কার ছক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় কাজ করেছেন বাংলাদেশের স্পিনারদের নিয়ে, এখন সাকলায়েনের ছাত্র ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। আজ মিরপুরে শেষ হাসিটা অবশ্য থাকবে সাবেক ও বর্তমান ছাত্রদের যেকোনো এক পক্ষের মুখে  প্রথম আলো
একসময় কাজ করেছেন বাংলাদেশের স্পিনারদের নিয়ে, এখন সাকলায়েনের ছাত্র ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। আজ মিরপুরে শেষ হাসিটা অবশ্য থাকবে সাবেক ও বর্তমান ছাত্রদের যেকোনো এক পক্ষের মুখে প্রথম আলো

গা গরমের ছোটাছুটির পর কেউ ক্যাচিং অনুশীলন করছেন, কেউ মাঠে একটা স্টাম্প পুঁতে সেটাকে নিশানা করে গেলেন অনেকক্ষণ ধরে। শুধু দুজনকে দেখা গেল শুরু থেকেই ব্যাট হাতে। ক্রিস গেইল আর ডোয়াইন স্মিথ। ব্যাটিং অনুশীলনটা সাধারণত একাডেমি মাঠেই করেন খেলোয়াড়েরা। দুই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারও হয়তো পরে সেটা করেছেন। তবে মিরপুর স্টেডিয়ামে গা গরমের পরই দুজন যেভাবে ব্যাট হাতে নেমে গেলেন, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, ব্যাটিংটা কারোরই মনঃপূত হয়নি আগের ম্যাচে। সেই আক্রোশেই দিনেশ রামদিনকে ক্যাচ অনুশীলন করাতে গিয়ে হঠাৎ এত জোরে তুলে মারলেন যে সেটা ক্যাচের মতো না হয়ে উড়ে গিয়ে পড়ল মাঠের অন্য পাশে। উইকেটে দাঁড়িয়ে মারলে এই শটে বল গ্যালারিতে গিয়ে পড়বে! মুশফিকরা অনুশীলন শেষ করে চলে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ আসার আগেই। থাকলে দৃশ্যটা দেখে তাদের দুশ্চিন্তা নির্ঘাত বাড়ত।
পরে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ভাবনাটা আরও বাড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন। ভারতের সঙ্গে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটা হারার পর থেকেই সমালোচনা শুনতে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ শুধু চার-ছক্কা মেরে খেলতে চায়। আগের ম্যাচে ১২৯ রান করেছিল স্যামির দল, এর ৭২ রানই চার-ছক্কার অবদান। এক-দুই করে নিয়েছেন মাত্র ৩৯ রান। কাল সেই প্রসঙ্গটা উঠতেই গিবসন খেললেন সোজা ব্যাটে, ‘কোনো কোনো দলে এমন ব্যাটসম্যান থাকে যারা সহজেই সীমানা পার করতে পারে, ফলে তারা উড়িয়ে মারে। অনেকের কাছে আবার চার মারা সোজা। আমরা আগের ম্যাচে বেশি সিঙ্গেলস নিতে পারিনি, আবার এটাও সত্যি, সাধারণত আমাদের সিঙ্গেলস নিয়ে খেলা হয় না।’ বোঝা গেল কোচ নিজেও এক-দুই করে রান নেওয়ায় বেশি আগ্রহী নন। বাংলাদেশের বিপক্ষেও কি তাহলে চার-ছক্কা মেরেই রান তোলার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ? গিবসনের জবাব, ‘টেকনিক্যালি আপনি খুব বেশি বদলাতে পারবেন না। বরং প্রতিপক্ষ বুঝে আমাদের মানসিকতা বদলাতে হবে। হঠাৎ করে আমরা সিঙ্গেলস নিয়ে খেলা শুরু করতে পারি না। আর আমি চাই না ওরা সেটা করতে গিয়ে রানআউট হোক।’

ইঙ্গিতটা ভারতের বিপক্ষে গেইলের রানআউটের দিকে। দৌড়ে রান নিতে গিয়ে রুদ্রমূর্তি ধারণ করার আগেই ফিরে গেছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ কোচ আজ চান, ও রকম কিছু চেষ্টা না করে ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলাটা খেলুন, ‘আমাদের সৌভাগ্য যে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা বল গ্যালারিতে পাঠাতে পারেন। আমি নিশ্চিত, মানুষও চায় গেইল দ্রুত সিঙ্গেলস নিতে গিয়ে চোটে না পড়ে বরং বল উড়িয়ে মেরে স্ট্যান্ডে নিয়ে ফেলুক।’

বাংলাদেশে আজ সেই মানুষটি কে, যিনি দেখতে চাইবেন গেইলের দানবীয় চেহারা?

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

               মোট   বাংলাদেশ            ওয়েস্ট ইন্ডিজ

মোট   ৪              ২              ২

বিশ্বকাপে            ১          ১          ০