প্রথম ইনিংসে ১২৩, দ্বিতীয় ইনিংসে ৫২। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারানো জ্যামাইকা টেস্টটা হয়ে গেল মারলন স্যামুয়েলসের। তবে স্যামুয়েলস জয়টাকে নিজের করে রাখতে চান না। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সাফল্যটা উৎসর্গ করে দিয়েছেন জ্যামাইকাকে।চতুর্থ দিনে ৭১ রান দরকার ছিল জয়ের জন্য, হাতে ছিল ৬ উইকেট। শুধু কেমার রোচের উইকেট হারিয়েই এক দিন বাকি থাকতে টেস্ট জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দাপুটে এই জয়ে নিউজিল্যান্ডকে ধবলধোলাই (২-০) করল লয়েড-রিচার্ডসদের উত্তরসূরিরা। এই সাফল্য যেন মনে করিয়ে দিচ্ছে ক্যারিবীয়দের পুরোনো চেহারাটাই।গত তিন বছরে এই প্রথম বাংলাদেশ ও জিম্বাবুয়ের চেয়ে বড় কোনো দলের বিপক্ষে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। এমন জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ স্যামুয়েলস বলেছেন, ‘অবশ্যই...এটা জ্যামাইকার জন্য। আমার অন্ধ ভক্তদের জন্য।’স্যামুলেসের পারফরম্যান্সে খুশি অধিনায়ক ড্যারেন স্যামিও, ‘দুই ইনিংসেই সে আমাদের ইনিংসটাকে দারুণভাবে ধরে রাখল। তা ছাড়া একেকটা সময়ে একেকজন ভালো খেলছে। ভালো দলের এটাই হলো বৈশিষ্ট্য।’১৮.২৫ গড়ে ১২ উইকেট নিয়ে রোচ হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। দ্বিতীয় ইনিংসে তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে আসা ৪৫ রানও ভূমিকা রেখেছে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়ে। ওয়েবসাইট।