ক্যারিয়ার শেষ নয় ইউনুসের!
৩৫ বছর বয়সে দল থেকে বাদ পড়া মানে ক্যারিয়ার শেষের ঘণ্টা বেজে যাওয়া। ধরে নেওয়া যায়, ইউনুস খানের শেষের সময় এসে গেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের ৩০ সদস্যের প্রাথমিক দলেই জায়গা হয়নি সাবেক অধিনায়কের। বাস্তবতা বলছে, পাকিস্তানের রঙিন জার্সিতে ইউনুসকে আবার দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ইউনুস একটু আশায় বুক বাঁধতে পারেন ইকবাল কাশিমের কথা শুনে। পাকিস্তানের প্রধান নির্বাচক বলছেন, এখনই ক্যারিয়ার শেষ নয় ইউনুসের!দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৫ ম্যাচে সাকল্যে ১১৬ রান করতে পেরেছেন ইউনুস। সর্বশেষ ২৫ ইনিংসে সম্বল মাত্র তিনটি ফিফটি। সর্বশেষ তিন অঙ্ক ছুঁয়েছেন সাড়ে চার বছর আগে। সেই থেকে এখন পর্যন্ত ৭৫ ওয়ানডেতে গড় মাত্র ২৫.৯১। ৩০ জনের দলে না রাখাই বলে দিচ্ছে আপাতত নির্বাচকদের ভাবনায় ইউনুস নেই।তবে ভাবনা যা-ই হোক, প্রকাশ্যে ইউনুসকে আশার বাণীই শোনালেন কাশিম, ‘কোনো ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেওয়া আমাদের নির্বাচক কমিটির লক্ষ্য নয়। ইউনুসকে বাদ দেওয়া হয়েছে বর্তমান ফর্ম বিবেচনায়। কিন্তু তার মানে এই নয়, সে চিরতরে বাইরে চলে গেছে। দারুণ কিছু করলে আবার ওকে ওয়ানডেতে দেখা যেতে পারে।’ ওয়েবসাইট।