ক্যারিয়ার-সেরা ইনিংসই খেললেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের পলি জমে স্মৃতির পটে। কিন্তু বহুদিন পরও মাইকেল ক্লার্কের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে ওয়েলিংটন টেস্ট। ব্যক্তিগত জীবনের ঝঞ্ঝাক্ষুব্ধ সময়টা পেছনে ফেলে মাঠে নেমে শুধু সেঞ্চুরিই করেননি, খেলেছেন ক্যারিয়ার-সেরা ১৬৮ রানের ইনিংস। মার্কাস নর্থের সঙ্গে গড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার যেকোনো জুটির তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।ম্যাচটা নর্থের জন্যও ছিল পরীক্ষার। আগামী অ্যাশেজে দলের ছয় নম্বর জায়গাটি তাঁর দখলে থাকবে কি না—এই প্রশ্নের উত্তর নর্থ দিয়ে দিয়েছেন অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে। তবে দিনের সবচেয়ে বড় চমকটা দিয়েছেন রিকি পন্টিং, ৪৫৯ রানেই ইনিংস ঘোষণা করে ।নিউজিল্যান্ডের ব্যাটিং সক্ষমতাকে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক। সেই চ্যালেঞ্জ নিতে ব্যর্থ স্বাগতিকদের টপ-অর্ডার। ৪৩ রানেই ৪ উইকেট নেই! ভেট্টোরি ও মার্টিন গাপটিলের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে বিপর্যয় সাময়িক সামাল দিয়ে ৪ উইকেটে ১০৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। এখনো ৩৫১ রান পিছিয়ে তারা।৩১৬ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া কাল আরও ৪১ ওভার ব্যাটিং করেছে। যোগ করেছে ১৪১ রান। এর মধ্যে হারিয়েছে কেবল ক্লার্কের উইকেটটি। ভেট্টোরি তাঁর ৩০তম ওভারে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন ক্লার্ককে। তবে তাঁর আগেই গত জানুয়ারিতে হোবার্টে পাকিস্তানের বিপক্ষে খেলা ১৬৬ রানের ইনিংসটাকে টপকে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে ফেলেছেন ক্লার্ক।সহ-অধিনায়কের বিদায়ের দুই ওভার পর ১৪তম টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন নর্থ। আগের আট ইনিংসে মাত্র একটি ফিফটি, আরেক স্পিনার-ব্যাটসম্যান স্টিভেন স্মিথ উঠে আসায় দলে জায়গাটি সংশয়ের মুখে পড়েছিল। সেই সংশয় মুছে ফেললেন নর্থ।নিউজিল্যান্ড ব্যাটিংয়ের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে ডগ বলিঞ্জারের দুর্দান্ত বোলিংয়ে। ইনিংসের প্রথম ওভারেই ওয়াটলিংকে ফেরান। মাত্র ৫ রান করে পিটার ইনগ্রাম রানআউট হয়ে গেলে আরও বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। প্রতিটি রানের জন্য যুঝতে থাকা আরেক ওপেনার টিম ম্যাকিন্টোশ ৫৮ বল খেলে মাত্র ৯ রান করে অভিষিক্ত রায়ান হ্যারিসের প্রথম টেস্ট শিকারে পরিণত হন, ৩১ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকেরা। ভেট্টোরি দিন শেষে অপরাজিত আছেন ৪২ রানে। ৯৪ বলে ১৯ রান করা গাপটিলও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সঙ্গী অধিনায়কের। ওয়েবসাইট।