ক্যারিয়ার–সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন, পেছালেন মুশফিক-তামিম

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন (বাঁয়ে), পিছিয়েছেন মুশফিকছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ ব্যাটিং পারফরম্যান্সে সিরিজ–সেরা হয়েছেন, র‍্যাঙ্কিংয়েও সেটির পুরস্কার পেলেন লিটন দাস। আফগানিস্তান সিরিজের পর হালনাগাদ করা আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটসম্যান। তবে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। অবনতি হয়েছে বাংলাদেশ বোলারদেরও।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানে আউট হয়েছিলেন লিটন। তবে দ্বিতীয় ম্যাচে করেন দারুণ এক শতক, ক্যারিয়ারে যেটি পঞ্চম শতক তাঁর। শেষ ম্যাচে খেলেন ৮৬ রানের ইনিংস। সব মিলিয়ে সিরিজে ২২৩ রান করেছেন ৭৪.৩৩ গড়ে। এমন পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন লিটন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সবচেয়ে বেশি রান বাংলাদেশের লিটন দাসের
প্রথম আলো

মুশফিকের জন্য ৩ ম্যাচের সিরিজ অবশ্য গেছে মিশ্রই। দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের ইনিংস খেললেও প্রথম ও শেষ ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পারেননি। এমন পারফরম্যান্সের পর ওয়ানডেতে এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিক, সিরিজ শুরুর আগে যিনি ছিলেন ১১ নম্বরে।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের জন্য সিরিজটি গেছে ভুলে যাওয়ার মতোই। ৩ ম্যাচ মিলিয়ে এ বাঁহাতি করেছেন মাত্র ৩১ রান। চার ধাপ পিছিয়েছেন তিনিও, নেমে গেছেন ২৩ নম্বরে। ব্যাটিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ এগিয়ে এখন ৩৮ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। সিরিজ শুরুর আগে ২৪ নম্বরে থাকা সাকিব আল হাসান এখন আছেন ২৫ নম্বরে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি তামিমের
ছবি: শামসুল হক

২-১ ব্যবধানে সিরিজ জিতলেও অবনতি হয়েছে শীর্ষে থাকা বাংলাদেশ বোলারদেরও। দুই ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমে গেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিন ধাপ পিছিয়ে শীর্ষ দশের বাইরে চলে গেছেন সাকিব, এ বাঁহাতি স্পিনার এখন আছেন ১২ নম্বরে। এ ছাড়া পাঁচ ধাপ পিছিয়ে ১৬ নম্বরে নেমে গেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

এ সিরিজের পর দারুণ উন্নতি হয়েছে আফগান স্পিনার রশিদ খানের। এ লেগ স্পিনার ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন নয় নম্বরে। তবে এক ধাপ পিছিয়েছেন রহস্যস্পিনার মুজিব উর রেহমান, এখন আছেন পাঁচ নম্বরে। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে রশিদ খানের
Shamsul Haque Tanku

টেস্টে বেশ উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদার। নিউজিল্যান্ড সিরিজের পর তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন ২ ম্যাচের সিরিজে ১০ উইকেট নেওয়ার পর। এ ছাড়া কিউই ফাস্ট বোলার কাইল জেমিসন ও টিম সাউদির অবনতি হয়েছে—জেমিসন দুই ধাপ পিছিয়ে আছেন পাঁচে, সাউদি এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ছয়ে।

এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর উন্নতি হয়েছে ভারত ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের। টি-টোয়েন্টিতে ২৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন আইয়ার। অন্যদিকে বিশ্রামে থাকা বিরাট কোহলি শীর্ষ দশের বাইরে চলে গেছেন, আছেন ১৫ নম্বরে। শীর্ষ দশে ঢুকেছেন দ্বিতীয় ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলা শ্রীলঙ্কান ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা।