ক্যারিয়ারের কঠিনতম দিন: সৌরভ
জনপ্রিয়তা এখনো তাঁর আকাশ ছোঁয়। ম্যাচ শেষে এক ভক্ত মাঠে ঢুকে প্রণাম করতে উদ্যত হলো। সৌরভ গাঙ্গুলীও হলেন কিছুটা বিব্রত। লাখো সৌরভভক্ত কাল অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কলকাতা ছেড়ে পুনের হয়ে খেলতে নামা সাবেক ভারতীয় অধিনায়কের পারফরম্যান্স দেখার জন্য। মাঠে নামলেন দাদা। অপরাজিত ৩২ রান করে পুনেকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। ভক্তদের খুশি আর ধরে না। নাহ, দাদা একেবারেই শেষ হয়ে যাননি। এখনো তিনি স্পিনারদের উইকেট থেকে বেরিয়ে এসে মিড অন দিয়ে হাঁকাতে পারেন বিশাল বিশাল ছক্কা।সৌরভ গাঙ্গুলী নিজেও কালকের ম্যাচটি নিয়ে খুব টেনশনে ছিলেন। এমনিতেই সাবেক অধিনায়ক হিসেবে কলকাতার কাছ থেকে যোগ্য সম্মানটুকু পাননি। সাহারা গ্রুপের মালিক সুব্রত রায় ও পুনে অধিনায়ক যুবরাজ সিংয়ের আগ্রহে পুনের হয়ে খেলছেন। কিছু জিনিস ফিরিয়ে দেওয়ার ব্যাপারটি ছিল। কৃতজ্ঞতাবশতও ভালো খেলার একটা তাগিদ ছিল। সৌরভ অকপটেই জানিয়েছেন, কালকের দিনটি ছিল তাঁর ক্যারিয়ারের কঠিনতম দিন। তিনি বলেছেন, ‘গত পাঁচ মাস ক্রিকেট থেকে দূরেই ছিলাম। ঘরে সাজিয়ে রাখা ব্যাটগুলোও ধরে দেখিনি। তাই পারফর্ম করা নিয়ে বেশ চাপে ছিলাম।’জেসি রাইডারের দুরন্ত সূচনার পর ডেকান চার্জার্সের রান খুব ভালো মতোই টপকে গেছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা সাহারা পুনে ওয়ারিয়র্স। ডেকানের বিপক্ষে কালকের জয়টির জন্য পুনে ধন্যবাদ দিতেই পারে সৌরভের অভিজ্ঞতার। দাদা তাঁর অভিজ্ঞতার পুরোটাই ঢেলে দিয়ে পুনের জন্য এনেছেন একটি পূর্ণ পয়েন্ট।পুনে কোচ জিওফ মার্শ বলেছেন, ‘সৌরভ রানে ফিরেছেন দেখে ভালো লাগল।’ দলভুক্ত হওয়ার পরেও দুটি ম্যাচ তাঁকে বসিয়ে রাখার ব্যাপারে মার্শের ব্যাখ্যা, ‘সৌরভকে আমরা তৈরি হওয়ার জন্য কিছু সময় দিয়েছি। এখন দেখছি, সে দারুণভাবেই নিজেকে তৈরি করেছে।’ টিএনএন।